চকরিয়ায় পাহাড়ি ঢলে ১ জনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুরে এ দুর্ঘটনা বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক।
মৃত আনোয়ার হোসেন (৫২) উত্তর মানিকপুর এলাকার প্রয়াত আব্দুল গফুরের ছেলে।
স্থানীদের বরাত দিয়ে চেয়ারম্যান আজিজুল হক বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে একটি পাহাড়ি ঝিরি পার হওয়ার সময় প্রচণ্ড বেগে ধেয়ে আসা ঢলে ভেসে যান আনোয়ার। পরে স্থানীয়রা ঘটনাস্থলের আধা কিলোমিটার দূর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
সন্ধ্যায় চকরিয়া থানা পুলিশকে অবহিত করে নিহতের মৃতদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সোমবার বিকালে চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক উপজাতি নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
