ভারি বর্ষণে দক্ষিণ-পূর্বে বন্যার অবনতির শঙ্কা
ভারি বর্ষণের কারণে পাহাড়ি ঢলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে।
মৌসুমী নিম্নচাপের প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলেও আভাস মিলেছে।
নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতেও বলেছে আবহাওয়া বিভাগ।
বর্ষায় টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে ফেনী, বান্দরবান, চট্টগ্রামের কয়েকটি স্থানে নিচু এলাকা ইতোমধ্যে তলিয়ে গেছে।
সেখানকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার তারা জানিয়েছে, ভারি বর্ষণে কক্সবাজার, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
বন্যা সতর্কীকরণ কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তা আরিফুজ্জামান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে।
আরও অন্তত দুদিন ভারি বর্ষণের আভাস দিয়েছেন তিনি।
রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ২৯৯ মিলিমিটার।
বৃষ্টিতে বন্দর নগরীর অধিকাংশ নিচু এলাকা তলিয়ে বির্পযস্ত হয়ে পড়েছে জনজীবন। নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সঙ্গে বন্দরের বর্হিনোঙ্গরে ব্যাহত হচ্ছে পণ্য খালাস।
বৃষ্টিতে পানি জমে গেছে বিমান বন্দর সড়কের একাংশে। তবে বিকল্প সড়ক থাকায় বিমানবন্দরে পৌঁছাতে তেমন সমস্যা হচ্ছে না।
নগরীর বাকলিয়া ও পতেঙ্গা থানা প্রাঙ্গণে পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে গেছে নগরীর কয়েকটি পুলিশ ফাঁড়িও।
বাকলিয়া থানার এএসআই রূপন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি সরাতে পাম্প বসানো হয়েছে। একই কথা জানান পতেঙ্গা থানার ওসি মো. আলমগীরও।
বৃষ্টিতে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীতে
ভোরে ও সকালের দিকে জলাবদ্ধতা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি নামতে থাকে। তবে রাতেও বাকলিয়া, পতেঙ্গা, ইপিজেড, সিমেন্ট ক্রসিংসহ কিছু এলাকায় পানি ছিল।
বন্দরের ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিন ধরেই পণ্য খালাস ব্যাহত হচ্ছে।
“আজ কোনো লাইটার (ছোট আকারের) জাহাজ ভাড়া হয়নি। বর্হিনোঙ্গরে নয়টি মাদার ভেসেল (বড় আকারের জাহাজ) অপেক্ষমান আছে।”
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাস কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “এটি আরও ঘনীভূত হতে পারে। নিম্নচাপে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
রোববার কক্সবাজারে ১১৬ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৭৮ মিলিমিটার, টেকনাফে ১৪৮ মিলিমিটার, পটুয়াখালীর খেঁপুপাড়ায় ১১৭ মিলিমিটার ও খুলনায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সোমবারের পূর্বাভাসের বিষয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
