২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ঝড়ে নোয়াখালীতে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

ভারি বর্ষণে জেলা শহরের বিভিন্ন সড়ক, অফিস আদালতের আঙ্গিনা ও আবাসিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। চর এলাকায় বহু আমন বীজতলা তলিয়ে গেছে।

গাছ উপড়ে পড়ে জেলা সদরে ১০ ঘণ্টা বিদ্যৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান খায়রুল আনম সেলিম জানান, রোববার সকালে প্রবল ঝড়ের সঙ্গে ভারি বর্ষণ হয়।

এতে চর আমানউল্লাহ ইউনিয়নে সাতাস দ্রোন, নোয়াপাড়া, আমানউল্লাহ গ্রাম, চর মজিদ ও পূর্ব চরবাটা এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ির বিধস্ত হয়।

“এ সব এলাকার পাঁচ শতাধিক একর আমন ধানের বীজতলা ও সড়ক পানির কয়েক ফুট নিচে তলিয়ে যায়।

“শতাধিক মৎস্য খামার ও পুকুরের মাছ ভেসে যায়।

“বাড়িঘরে পানি ঢুকে অন্তত আটশ পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।”

নদীর সঙ্গে সংযোগ খালগুলো অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে ব্যাপক ফসলহানির আশংকা দেখা দিয়েছে বলে জানান তিনি।

ভারি বর্ষণের পর সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের বিভিন্ন সড়ক, মাইজদী ও সোনাপুর পৌর বাজার ও আবাসিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান জানান, সকাল ৮টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কে ৩৩ হাজার কেবি লাইনের উপর ঝড়ে গাছ উপড়ে পড়ায় জেলা সদরে অন্তত ১০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।

এছাড়া জেলা সদরের অশ্বদিয়া ইউনিয়নের দিনমনিরহাট-কিল্লারহাট সড়কে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গেছে এবং তার ছিঁড়ে গেছে বলেও তিনি জানান।