২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টি ও ঢলে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার নয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 01:07 AM

Updated : 12 Oct 2022, 04:06 PM

বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রামে টানা ভারি বর্ষণ শুরু হয়ে শুক্র ও শনিবার দিনভর বৃষ্টি হয়।

এতে জেলার বিভিন্ন নদী ও খালে পানির প্রবাহ বেড়ে গেছে। কয়েকটি উপজেলায় কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে আমনের চারার। ভেসে গেছে পুকুর।

জেলার ফটিকছড়ি, সাতকানিয়া, চন্দনাইশ, রাউজান, আনোয়ারা, বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও মিরসরাই উপজেলায় নিমাঞ্চল প্লাবিত হয়েছে।

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া, আমিলাইশ, ঢেমশাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

Image
চট্টগ্রাম নগরীর এক্সেস সড়কে জলাবদ্ধতা।

চট্টগ্রাম নগরীর এক্সেস সড়কে জলাবদ্ধতা।

Image
দুই দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর এক্সেস সড়ক।

দুই দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর এক্সেস সড়ক।

সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  কেরানীহাট-বান্দরবান সড়কের মাহালিয়া-বাজালিয়া অংশে সড়কে পানি উঠে গেছে। তাই যান চলাচল বন্ধ আছে।

“কিছু নিচু এলাকায় ফসলের জমিতে পানি উঠেছে। তবে বৃষ্টি পড়া কয়েক ঘণ্টা বন্ধ থাকলে পানি নেমে যেতে পারে। শঙ্খ নদীর পানি এখনো বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে।”

চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শরমিন জানান, শঙ্খ নদীর তীরবর্তী ধোপাছড়ি এবং দোহাজারির চাগাচর এলাকায় পানি উঠেছে। তবে কোনো সড়কে এখনো পানি ওঠেনি। 

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ফটিকছড়ি উপজেলার উত্তর অংশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

উপজেলার নারায়ণহাট,  ভূজপুর ও পাইন্দং ইউনিয়নের প্রায় ২০-২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রধান সড়কের সঙ্গে গ্রামীণ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া পাহাড়ি ঢলে দাঁতমারা ইউনিয়নের হেয়াঁকে-ঘাগড়াবিল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার শান্তিরহাট এলাকায় হেয়াঁকো সড়কের বিভিন্ন অংশে কয়েক কিলোমিটার পানিতে তালিয়ে গেছে।

Image
ফটিকছড়ির শান্তিরহাট এলাকার ছবি শনিবার তোলা।

ফটিকছড়ির শান্তিরহাট এলাকার ছবি শনিবার তোলা।

Image
প্লাবিত হয়েছে ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা। পানির ভেঙে মটরসাইকেল চালনা।

প্লাবিত হয়েছে ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা। পানির ভেঙে মটরসাইকেল চালনা।

ভূজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হামিদ জানান,  হালদা নদীর পূর্ব অংশের বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে বন্যার পানি প্রবেশ করায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে রাউজান উপজেলার হাজীপাড়া, কদলপুর, উনসত্তর পাড়া, মগদাই, কাগতিয়া, পূর্ব বিনাজুরি, কানুনগোপাড়াসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর রাউজানের ৬০ শতাংশ কৃষি জমি প্লাবিত হয়েছে। এতে আমনের চারা নষ্ট হয়ে গেছে। অধিকাংশ পুকুর ডুবে গেছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এমন হলো।

বাঁশখালীর স্থানীয় সাংবাদিকরা জানান, উপজেলার পুঁইছড়ি, চাম্বল, নাপোড়া, জলদি, শিলকূপ, পুকুরিয়া ও বানীগ্রামের নিমাঞ্চল পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া হক সুমন জানান,  পৌর সদরের পূর্ব বাসুনিয়া ওয়ার্ড প্লাবিত হয়েছে বলে তারা খবর পেয়েছেন।