২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে বিসিএস ও মাস্টার্স পরীক্ষা, বিপাকে পরীক্ষার্থীরা

একই দিন একই সময়ে বিসিএসের লিখিত পরীক্ষা এবং মাস্টার্সের পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 10:54 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ নিয়ে কিছু না বললেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের যেন বিপাকে না পড়তে হয় তা দেখা হবে।

রোববার ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি।

আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা রয়েছে।

একই দিন সকাল ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্সের ৩০টি বিষয়ের পরীক্ষাও পূর্ব নির্ধারিত আছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্নাতক পাস করে তাদের মধ্যে অনেকেই ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নেন এবং অনেকেই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করায় লিখিত পরীক্ষা দেবেন।

৩ সেপ্টেম্বর বিসিএসের আবশ্যিক পরীক্ষায় বসলে বেশকিছু শিক্ষার্থী ওই দিনের মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলেও জানান তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা বিসিএস পরীক্ষা নিয়ে এ ধরনের ঝামেলায় পড়েছে।

গত ৭ জুলাই মাস্টার্স পরীক্ষার সূচি প্রকাশ করা হলেও পিএসসি এসব আমলে নেয় না অভিযোগ করে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “পরীক্ষার্থীরা দাবি জানালে বাধ্য হয়েই পরীক্ষা পেছাতে হয়।”

তবে ৩ সেপ্টেম্বরের পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছেন বদরুজ্জামান।

এ বিষয়ে কথা বলতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।