২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানকৌড়ির জন্য ভালবাসা

এলাকাবাসীর সচেতনতায় নেত্রকোণার মদন উপজেলায় কয়েকশ’ পাখি পানকৌড়ি নিশ্চিন্তে বেঁধেছে বাসা।

লাভলু পাল চৌধুরী

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 10:08 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

হাওর অধ্যূষিত এ উপজেলার সদরের মগড়া নদীর পাড় ঘেঁষে জেলা পরিষদের ডাক বাংলো ও ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণের অন্তত ২৫টি গাছে এই  পানকৌড়িদের দেখা মেলে। প্রায় এক বছর ধরে নিরাপদে বসবাস করে দিন দিন বংশ বাড়িয়ে চলছে পারকৌড়িগুলো জানিয়েছে স্থানীয়রা।

মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিছ উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৫টি মেহগনি গাছ রয়েছে। এসব গাছে বছরখানেক আগে অনেক পানকৌড়ি  এসে বাসা বাঁধে। একই সাথে পরিষদ ভবন লাগোয়া ডাকবাংলোর প্রাঙ্গণের ১০-১২টি মেহগনি গাছেও এরা গড়ে তোলে তাদের ঘর।

বছর ঘুরতে না ঘুরতে ইউনিয়ন পরিষদের গাছগুলোতে পাখির সংখ্যা বেড়ে অন্তত পাঁচশ’ হয়েছে বলে তার ধারণা।

তিনি বলেন, “কেউ পাখিদের উত্যক্ত করতে চাইলে ইউনিয়ন পরিষদ, ডাকবাংলোসহ এলাকার মানুষরা বাধা দেয়।

“মাঝে মাঝে বেশি বাতাসে কিছু পাখি মাটিতে পড়ে গিয়ে মারা যায়। ঝড়-বৃষ্টিতে পাখির ছানা গাছ থেকে পড়ে গেলে তা গাছের পাখির বাসায় তুলে দেওয়া হয়।”

বাংলোটির কর্মচারী ইছহাক মিয়া বাংলোর কোয়ার্টারে পরিবার নিয়ে বাস করেন। তার স্ত্রী জহুরা বেগম জানান, পাখির বিষ্টায় বাংলোর পুরো প্রাঙ্গণ নোংরা হয়ে যায়। প্রতিদিন দিনে দুই/তিনবার পরিস্কার করতে হয়।

“তারপরওপাখির কিচিরমিচির শুনি দিনভর। গাছগুলোর দিকে তাকালে শুধু পাখি আর পাখি। দেখে মন জুড়িয়ে যায়।”

দিনে দিনে পাখিগুলোর প্রতি মায়া জন্মে গেছে উল্লেখ করে জহুরা জানান, অনেকেই পাখির ছানা নিতে আসেন। কেউ কেউ পাখি শিকার করতেও আসেন। তবে তিনি চোখে চোখে রাখেন পাখিগুলোকে। পাখির কোন ক্ষতি কাউকে করতে দেন না তিনি।

শুধু মানুষ নয় এ পাখিগুলো শত্রু অন্য পাখিও জানালেন ইউনিয়ন পরিষদ ভবনের পাশের মদন কৃষি ব্যাংকের কর্মচারী মো. আজিজুর রহমান।

তিনি বলেন, “চিল ও বাজপাখি, কাক পানকৌড়িগুলোর চরম শত্রু। বাসায় থাকা ডিমগুলো খেতে কাক উত্যক্ত করে। পাখির ছানা খেতে চিল আর বাজপাখি হানা দেয়।

“এ সময় পানকৌড়িগুলো একসাথে চেঁচামেচি শুরু করে। শব্দ শুনে ব্যাংকের দ্বিতীয় তলার ছাদে গিয়ে প্রায়ই বিভিন্ন উপায়ে কাক, বাজপাখি ও চিলকে তাড়া দিয়ে পাখিগুলোকে রক্ষায় চেষ্টা করি।”

এলাকার যুবক জয় বনিক ও রনি জানান, সকাল থেকে রাত নাগাদ এই এলাকা পাখির কিচিরমিচিরে মূখরিত থাকে। পাখির কুজনে যেন এক ধরনের উত্সবের আমেজ লাগে। স্থানীয়রা এই পাখিদের কোন ক্ষতি করে না। বাইরের কেউ উত্যক্ত করলে তারা বাধা দেন।

স্থানীয় বাসিন্দা শিক্ষক আবুল হোসেন বলেন, এলাকার মানুষ অনেক সচেতন হয়েছেন। পরিবেশের জন্যে এই পাখিগুলো দরকার এই কথাটা তারা এখন বোঝেন। কোন রকম উপদ্রপ ছাড়াই এখানে পাখি বসবাস করছে।

ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকানে চা বেঁচেন আব্দুল হামিদ।

তিনি বলেন, “আমার দোকানের সামনের গাছেই পাখিগুলো থাকে। দিনভর দেখে রাখি। এখন আর আগের মতো গ্রামে, হাওর-নদীতে এই পানকৌড়ি দেখা যায় না।

“এই পাখিগুলো জলাশয় থেকে ছোট ছোট মাছ শিকার করে খায়।”

পাখিগুলোকে এলাকার মানুষ ভালবেসে আপন করে নিয়েছে উল্লেখ করে আব্দুল হামিদ মন্তব্য করেন- ‘পাখিগুলো সুখেই সংসার করছে এরা।’