শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় কারখানা বন্ধ
বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ‘গ্রীন লাইফ ক্লথিং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের সহকারী পরিচালক আসলাম ইকবাল।
তিনি জানান, মালিক পক্ষ কারখানাটি জামগড়া এলাকা থেকে স্থানান্তর করে টংগাবাড়ী এলাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এ খবরে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
পরিস্থিতি আরও অবনতি হতে পারে এ আশঙ্কায় কর্তৃপক্ষ শনিবার রাতে কারখানার মূল ফটকে অনিদির্ষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়।
রোববার সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে এ নোটিশ দেখে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।
পরে পুলিশ গিয়ে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান শিল্প পুলিশ-১ এর কর্মকর্তা ইকবাল।
