মায়ার আপিল পুনঃশুনানির জন্য উঠবে সোমবার
দুর্নীতি দমন কমিশনের মামলায় দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত জনের ক্ষেত্রে করা পাঁচটি আপিল পুনঃশুনানির দিন নির্ধারণের জন্য হাই কোর্টে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
রোববার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চে আপিল শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব আপিল শুনানির দিন ধার্যের জন্য সোমবার কার্যতালিকায় আসবে।মায়া চৌধুরীসহ একই ধরনের পাঁচটি আপিল শুনানির দিন ধার্যের জন্য আবেদন করা হয়।
মায়ার পাশাপাশি ইকবাল হাসান মাহমুদ টুকু, আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান, নামজুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা এবং মঞ্জুরুল আহসান মুন্সীর ক্ষেত্রে করা আপিল পুনশুনানির দিন ঠিক করার জন্য আবেদন উপস্থাপন করা হয়।
সাত বছর আগের এই দুর্নীতি মামলায় মায়াকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় গত ১৪ জুন বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে হাই কোর্টে নতুন করে আপিল শুনানির আদেশ দেওয়া হয়।
জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় আওয়ামী লীগ নেতা মায়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান। তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ তাকে খালাস দেয়।
ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে পুনঃশুনানির আদেশ আসে। আপিলের রায়ে দণ্ড বহাল থাকায় মায়া আর সাংসদ বা মন্ত্রী পদে থাকতে পারেন কি-না, তা নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।
