২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় খুন হয়েছেন এক গৃহবধূ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 02:01 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শুক্রবার রাতে ওই নারী খুন হওয়ার পর থেকে তার স্বামী পলাতক বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম নাছরিন আক্তার (২৮)। তার স্বামী নুরুল ইসলাম (৩৬)। তাদের আট ও চার বছরের দুটি ছেলে রয়েছে।

পুলিশের ধারণা, দাম্পত্য কলহের কারণে নাছরিনকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে। 

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে এই দম্পতির মধ্যে কলহ হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।

“এরপর রাতে তারা একই ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। ভোররাতে নিহতের বড় ছেলে জেগে ঘরের মেঝেতে তার মায়ের লাশ দেখতে পায়। পাশেই রক্তমাখা একটি বটি পড়েছিল।”

পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, ওই সময় ঘরের দরজা খোলা ছিল। আর নুরুলকে ঘরে পাওয়া যায়নি।

সকালে পুলিশ গিয়ে লাশ ও রক্তমাখা বটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।