২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে ‘বাতিঘর’ কংলাক বিদ্যালয়

প্রথম থেকে পঞ্চম শ্রেণির অর্ধশত শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র একজন, পাঠকক্ষও একটি।

মিন্টু চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 11:26 AM

Updated : 12 Oct 2022, 04:06 PM

এই কক্ষেই পাঠ নিতে আসা মিঠুন ত্রিপুরা, আমসা লুসাই, কলই ত্রিপুরারা স্বপ্ন দেখেন বড় হয়ে শিক্ষক, চিকিৎসক হওয়ার বা বড় চাকরি করার।  

স্বপ্ন পুঁজি করেই প্রতিদিন দেড় থেকে দুই কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ হেঁটে কংলাকসহ পাঁচটি আদিবাসী পাড়া থেকে প্রতিদিন শিশু শিক্ষার্থীরা আসে এই বিদ্যালয়ে পড়তে।    

এটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাড়ায় সমতল থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে ‘কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

এক শিক্ষার বাতিঘর হিসেবে দেখছে শত প্রতিকূলতা নিয়ে পাহাড়ে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠী।

টিনের ছাউনির লম্বা একটি বেড়ার ঘরেই চলছে পাঠদান। একসময় ওই ঘরে পাঠদানের জন্য দুটি কক্ষ ছিল। শিক্ষক সংখ্যা একজনে নেমে আসার পর ছোট কক্ষটি পরিত্যক্ত হয়ে পড়ায় বর্তমানে একসঙ্গেই চলছে পাঠদান।

গত সাত মাস ধরে একাই পাঁচটি ভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের পড়াচ্ছেন সহকারী শিক্ষক সাংপ্রুই রোজমেরি লুসাই। কংলাক পাড়ার বাসিন্দা এই নারী ২০০১ সাল থেকে আছেন এই স্কুলে।

আরও দুজন শিক্ষক গত সাত মাস ধরে নেই। প্রধান শিক্ষকের অবসরে যাওয়ায় এবং অন্য নারী শিক্ষক শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে থাকায় একাই ক্লাস নিতে হচ্ছে রোজমেরি লুসাইকে।

একসঙ্গে এককক্ষে বিভিন্ন শ্রেণির শিশুদের পাঠদানে কষ্ট হলেও দুর্গম এ বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কাজের মধ্যে আনন্দ খুঁজে পান তিনি।

রোজমেরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্গম পাহাড়ে কংলাক পাড়ার আশপাশের দুই কিলোমিটারের মধ্যে থাকা হাই স্কুল পাড়া, থাইলং পাড়া, নতুন পাড়া থেকে প্রতিদিন শিশুরা এ স্কুলে পড়তে আসে।

“অনেক কষ্ট করে হেঁটে স্কুলে আসে বাচ্চারা। শিক্ষার আলোয় আলোকিত হওয়ার অদম্য ইচ্ছা তাদের। তাদের এই ইচ্ছা আমার প্রতিদিনকার কষ্ট ভুলিয়ে দেয়।”

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ত্রিপুরা, পাংখোয়া, লুসাই ও চাকমা জনগোষ্ঠীর মোট ৪৬ জন শিক্ষার্থী পড়ালেখা করে।

দুর্গম সাজেকের স্কুলটিতে সম্প্রতি গিয়ে দেখা যায়, রোজমেরি এক কক্ষে পাঁচ শ্রেণির শিক্ষার্থীদের পড়াচ্ছেন। যখন যে শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হয়, তখন অন্য শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে অপেক্ষা করছে।

‘কংলাক বিদ্যালয়ের’ প্রথম শ্রেণির শিক্ষার্থী মিঠুন ত্রিপুরার আগ্রহী চোখ জানান দেয়, পড়ালেখার প্রতি তার আগ্রহের কথা। তার খাতায় স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ লেখার পাশাপাশি ছড়া পাঠের ছন্দই তা প্রমাণ করে।

বড় হয়ে শিক্ষক হতে চায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায় মিঠুন।

কয়েক টেবিল সামনে বসা চতুর্থ শ্রেণির আমসা লুসাই পড়ালেখা করে হতে চান চিকিৎসক, আর একই শ্রেণির মনবালা ত্রিপুরা বড় হয়ে বড় চাকরি করতে চায়।

নিয়ম মতোই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব পরীক্ষাসহ পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে থাকে। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডী পেরোলে তাদের যেতে হয় প্রায় দুইশ ফুট নিচে সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ার ‘রুইলুই জুনিয়র হাই স্কুলে’।

৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ান পরিচালিত ওই স্কুলে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে মাধ্যমিকের ধাপ পেরোতে যেতে হয় আরও প্রায় ১৯ কিলোমিটার দূরের বাঘাইহাটের মাধ্যমিক বিদ্যালয়ে।

রোজমেরি লুসাই জানান, সাজেক ভ্যালির রুইলুই পাড়া থেকে কংলাক পাড়ায় যানবাহনে যাওয়ার কোনো পথ নেই। হেঁটেই শিক্ষার্থীদের এই পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। 

কংলাকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্ট সয়ে শিক্ষালাভ করে। দুর্গম পথের কারণে বর্ষাকালে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে যায় বলে জানান এই শিক্ষক।

তারপরও প্রতিকূল পরিবেশে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম থেমে থাকে না।