ফতুল্লায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ‘আধিপত্য বিস্তার ও মাদকের কারবার নিয়ে’ বিরোধের জেরে এক যুবককে গুলি করে হত্যার খবর দিয়েছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার টাগারপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আশরাফুল ইসলাম বাবু (৩২) ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি গার্মেন্টসের ‘স্টক লটের’ ব্যবসায় জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, টাগারপাড় এলাকার ৩০টি গার্মেন্টসের পরিত্যক্ত কাটা কাপড় ও মাদকের কারবার নিয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়।
ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিবহন শ্রমিক নেতা জিলানীর ছেলে উজ্জ্বলকে গ্রেপ্তার করলে তার ভাই রফিক মাস দুই আগে আত্মগোপনে যায়।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শকমো. কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রফিক এক সহযোগীকে নিয়ে মোটর সাইকেলে করে এলাকায় আসে। এ সময় বাবু ও তার কয়েকজন সহযোগী রফিকের মোটর সাইকেলের গতি রোধ করে।
“এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। রফিক এক পর্যায়ে বাবুর শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। বাবু লুটিয়ে পড়লে রফিক ও তার সহযোগী পালিয়ে যায়।”
স্থানীয়রা গুরুতর অবস্থায় বাবুকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বাবুকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
