২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের টিকাদান ৫ অগাস্ট থেকে

বাংলাদেশ থেকে এবার যারা হজে যাবেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৫ অগাস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 11:20 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে।

হজ এজেন্সিগুলোর সংগঠন ‘হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ (হাব) কাছে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে হজ অফিস।

চিঠিতে বলা হয়, ঢাকা জেলা ও ঢাকা মহানগরীর হজযাত্রীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারী কর্মচারী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদাপাড়ার ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।

অন্য সব জেলার হজযাত্রীদের বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে বলে জানানো হয় চিঠিতে।

স্বাস্থ্য সনদ বিমানবন্দরে দেখানোর জন্য হজযাত্রীদের নিজ হেফাজতে রাখতে হবে বলেও উল্লেখ করা হয় হজ আফিসের চিঠিতে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর হজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছর হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম বিমানটি উড়বে আগামী ১৬ অগাস্ট, আর হজ ফ্লাইট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে পাঁচ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং অন্যরা বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সৌদি আরব যাচ্ছেন।