২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি: তাজুলের ‘দোষ পায়নি’ তাজুলের কমিটি

মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্টে সোনা জালিয়াতির ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের কোনো সম্পৃক্ততা না পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত তদন্ত কমিটি।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 09:40 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

এই সংসদীয় কমিটির সভাপতি তাজুল কয়েক বছর আগে যখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, তখন জালিয়াতি হয়েছিল পরে অভিযোগ উঠে; ততদিনে আ ক ম মোজাম্মেলক হক মন্ত্রীর দায়িত্বে আসেন।

বিষয়টি নিয়ে শোরগোলের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও একটি কমিটি করেছিল, যাতে সাবেক প্রতিমন্ত্রী তাজুলকে দায়ী করা হয় বলে গণমাধ্যমে খবর আসে।

এর মধ্যে সংসদে বিষয়টি নিয়ে আলোচনার পর তাজুল নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তদন্তের উদ্যোগ নেয় এবং এজন্য আফসারুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি উপ-কমিটি করে দেয়।

গত ২৪ মে সংসদীয় কমিটির বৈঠকে উপ-কমিটি তাদের প্রতিবেদনটি দেয়, যা বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে আসে।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সদস্য কামরুল লায়লা জলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরোটা প্রতিবেদন লাইনে লাইনে পড়া তো সম্ভব হয়নি। আমরা সুপারিশগুলো দেখে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী কাজ করবে।”

সংসদীয় কমিটির বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাব-কমিটির রিপোর্ট নিয়ে আলোচনার কথা থাকলেও কমিটি বিস্তারিত আলোচনা করেনি। কেন জানি গোপনীয়ভাবেই বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়েছে।”

বৈঠকের পর সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপ-কমিটির তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে।

এতে দেখা যায়, তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের কোনো দোষ না পাওয়ার কথা জানিয়ে ওই সময়ের সচিবসহ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে উপ-কমিটি।

Image
এ বি তাজুল ইসলাম (ফাইল ছবি)

এ বি তাজুল ইসলাম (ফাইল ছবি)

প্রতিবেদনে বলা হয়, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম জানান যে, জাতীয় কমিটি সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে, ‘এমিকন’ (সরবরাহকারী প্রতিষ্ঠান) ক্রেস্ট সরবরাহ করবে। বাকি কাজগুলো মন্ত্রণালয় করেছে। তিনি আরও বলেন, তিনি যে কার্যবিবরণীতে স্বাক্ষর করেছেন তাতে প্রত্যেক পাতায় পাতায় ইনিশিয়াল করেছেন। কিন্তু যে কার্যবিবরণী কমিটিতে সরবরাহ করা হয়েছে তাতে প্রতি পাতায় ইনিশিয়াল নেই। তাই এ বিষয়ে সন্দেহ রয়েছে। তিনি দেশ ও জাতির মঙ্গল এবং গৌরবের জন্যই সব কিছু যথাযথভাবে করেছেন। এ বিষয়ে পঙ্কিলতা আসবে তা তিনি ভাবতেও পারেননি।”

“সার্বিক পর্যালোচনায় সাবেক প্রতিমন্ত্রী তাজুলের দায়িত্ব পালনে কোনো প্রকার অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া যায়নি,” বলা হয়েছে কমিটির সুপারিশে।

তবে সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে ক্রেস্ট পরীক্ষার জন্য পাঠিয়ে এবং প্রতিবেদন পাওয়ার পর তার উপর যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে অনিয়মের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এজন্য মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, যুগ্ম-সচিব আবুল কাসেম তালুকদার, উপ-সচিব এস এম এনামুল কবির, শাখা সহকারী আবুল কাশেমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে উপ-কমিটি।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠান এমিকন ও মেসার্স মহসিনুল হাসানের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সে বিষয়ে পরবর্তী যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছে।

মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা ক্রেস্টে সোনা কম দেওয়ার অভিযোগ ওঠার পর গত বছরের ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তা তদন্তের সিদ্ধান্ত হয়।

সাবেক মন্ত্রী আফসারুল আমিনকে আহ্বায়ক করে গঠিত এই উপ-কমিটিতে সদস্য ছিলেন সরকারদলীয় দুই সংসদ সদস্য ইকবালুর রহিম ও গাজী গোলাম দস্তগীর।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও এ নিয়ে তদন্ত করেছে। তাতে সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, সাবেক সচিব মিজানুর রহমান ও কে এইচ মাসুদ সিদ্দিকসহ ১৩ কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয় বলে গণমাধ্যমে এসেছে।

Image
বিদেশি বন্ধুদের দেওয়া সম্মাননা ক্রেস্ট

বিদেশি বন্ধুদের দেওয়া সম্মাননা ক্রেস্ট

২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত সাত ধাপে প্রায় আড়াইশ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।

এরই মধ্যে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই সম্মাননা ক্রেস্টে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম স্বর্ণ দেওয়া হয়। তাছাড়া রুপার পরিবর্তে দেওয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।

এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। জালিয়াতিতে জড়িতদের শাস্তির দাবি তোলে সেক্টর কমান্ডার্স ফোরাম।

এরপর ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। সংসদ অধিবেশনেও বিষয়টি আলোচনা হয়।

এক আইনজীবীর নোটিসের জবাবে মন্ত্রণালয় জানায়, বিদেশি বন্ধুদের নতুন ক্রেস্ট দেওয়া হবে।