২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধস্মৃতি ‘হকার হান্টার’ মুক্তিযুদ্ধ জাদুঘরে

মুক্তিযুদ্ধের সময় যে ভঙ্গিতে শত্রুশিবিরে লক্ষ্যবস্তুতে আঘাত হানত ‘হকার হান্টার’, ঠিক সেভাবেই রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থান পেয়েছে জঙ্গিবিমানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 09:14 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রথম স্মৃতিস্মারক হিসাবে বুধবারই সেখানে স্থান করে নেয় ভারতীয় বিমান বাহিনীর দেওয়া এই উপহার।

১৯৭১ সালে যুদ্ধ চলাকালে নবগঠিত বাংলাদেশ বিমানবাহিনীকে যুদ্ধ সহায়তার অংশ হিসেবে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমানটি সাময়িকভাবে দিয়েছিল। স্বাধীনতা যুদ্ধের এই স্মারক ২০০০ সালে চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করে ভারত।

জাদুঘর নির্মাণ প্রকল্পের পরিচালক নেছার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারত ২০০০ সালে ‘হকার হান্টার’ যুদ্ধবিমানটি মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিলেও এতোদিন রাখার জায়গা ছিল না। তাই ১৫ বছর ধরে এটি বিমান বাহিনীর সংরক্ষণে ছিল।

“জাদুঘরের নতুন ও স্থায়ী ভবনের নির্মাণ কাজ এখনও প্রায় ৩০ শতাংশ বাকি। তবে বিমানটি স্থাপনের জন্য নির্ধারিত স্থান প্রস্তুত হওয়ায় বুধবার তা স্থাপন করা হয়।”

বৃহস্পতিবার জাদুঘরের নির্মাণ এলাকা ঘুরে দেখা যায়, ভূগর্ভে তিন তলা ও উপরের দিকে চারতলা বিশিষ্ট জাদুঘর ভবনটির নির্মাণ কাজ জোরেশোরে এগিয়ে চলেছে। আর্কাইভ, অডিটোরিয়াম, গাড়ি পার্কিং, পাঠাগারসহ আধুনিক সব সুযোগ-সুবিধা থাকছে নুতন ভবনটিতে।

ভবনের প্রবেশ পথে দ্বিতীয় তলার ছাদের নিচে ঝুলানো হয়েছে ৪৬ ফুট দীর্ঘ বিমানটি। তবে নির্মাণকাজ চালু থাকায় সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে।

জাদুঘরের প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুদ্ধবিমান ‘হকার হান্টার’ ১৯৫১ সাল থেকে ভারতীয় বিমানবাহিনী ব্যবহার করত। চারটি মিসাইল, তিনটি রকেট ও চারটি ৩০ মিলিমিটার গান ছিল এই বিমানের সমরাস্ত্র।

মুক্তিযুদ্ধের সময় বিমানবাহিনী গঠিত হলে এই বিমানটি মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়। যুদ্ধের সময় এই বিমান ভূমিতে আক্রমণ এবং আকাশ প্রতিরক্ষায় সফল উড্ডয়ন করেছিল।