ঈদফেরত যাত্রায় সড়কে একদিনে ২৪ জনের মৃত্যু
ঈদের ফেরত যাত্রায় সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি হয়েছে।
গাজীপুর, টাঙ্গাইল, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা ও কুষ্টিয়া জেলায় এসব দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
নিহতদের মধ্যে গাজীপুরে অটোরিকশায় ডেমু ট্রেনের ধাক্কায় আটজন এবং বাসচাপায় একজনসহ নয়জন, বাস খাদে পড়ে টাঙ্গাইলে আটজন ও সিলেটে তিনজন এবং বাসের ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোরিকশাআরোহী ও মাগুরায় দুই মটরসাইকেল আরোহী রয়েছেন।
এছাড়া কুষ্টিয়ায় চাকা ফেটে বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ অন্তত ৩০ জন আহত হন। অন্যান্য জেলা নিয়ে আহতের এ সংখ্যা অর্ধশতাধিক।
ঈদের পর সোমবার থেকে কর্মদিবস শুরু হলেও অনেকে ঈদ ছুটির সঙ্গে ছুটি বাড়িয়ে নিয়ে বাড়ি যাওয়ায় এ সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ফিরতি যাত্রার খুব চাপ দেখা যায়নি।
এ কারণে চলতি সপ্তাহের শেষ দিনেও চলছে ঈদ ফেরত যাত্রা, যা আগামী রোববার পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অটোরিকশায় ডেমু ট্রেনের ধাক্কায় আটজন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় আরও এক যুবকের মৃত্যু হয়।
গাজীপুরে ডেমু ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “যাত্রীবোঝাই অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী ডেমু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আট আরোহীর মৃত্যু হয়।”
অপরদিকে ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তর সালনা এলাকায় গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয় বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাহার আলম জানান।
পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
গাজীপুরের এ দুই দুর্ঘটনায তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ৮
বিকাল ৩টার দিকে বাসাইল উপজেলার পাটখাগড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে এক নারীসহ আটজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।
টাঙ্গাইলের বাসাইলে বাস খাদে পড়ে আটজন নিহত ও অন্তত ২৫ জন আহত হন
আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহত কারও নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সিলেট
বেলা ১২টার দিকে সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
চালক নিয়ন্ত্রণ হারালে কুমিল্লা থেকে সিলেটগামী বাসটি সিলেটের ওসমানীনগর এলাকায় খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত কারও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা মোরসালিন।
ব্রাহ্মণবাড়িয়া
সকাল ১০টার দিকে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই অটোরিকশা আরোহী নিহত এবং অন্তত তিনজন আহত হন।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়াগামী অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার ঘাটুরা এলাকার দরবেশ আলী (৩৭) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগর এলাকার ইনজামামুল হক (২৫)। ইনজামামুল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা
বিকালে মাগুরা সদরের কছুন্দী এলাকায় মাগুরা-ফরিদপুর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়।
এরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের শামছুর রহমান শামীম (২৯) এবং গাড়াখোলা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী ওবাইদুর (২৭)।
মাগুরা সদর থানার এটিএসআই কুমারেশ চন্দ্র জানান, ফরিদপুর থেকে মাগুরামুখী একটি মোটরসাইকেলকে বিপরীতমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।
কুষ্টিয়ায় বাসের চাকা ফেটে গাছে ধাক্কা, আহত ৩০
বেলা ১১টার দিকে খোকসা উপজেলার বিলজানি বাজারের পাশে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে চাকা ফেটে বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ অন্তত ৩০ জন আহত হন।
কুষ্টিয়ার খোকসায় চাকা ফেটে বাস দুর্ঘটনায়
“এসময় বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের অধিকাংশই বাসের যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
আহতদের মধ্যে চালকসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।
