২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাকাণ্ডে বিটিসিএলকর্মী বরখাস্ত, সিদ্দিক রিমান্ডে

পুরান ঢাকার ওয়ারীর বিটিসিএল কার্যালয় থেকে ৭৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এবি সিদ্দিককে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

এছাড়া ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে টেকনিশিয়ান (ওয়ার্ক চার্জ) মোস্তফাকে।   

বুধবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক জিজ্ঞাসাবাদের জন্য এবি সিদ্দিককে হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

আদালত পুলিশের এসআই মো. রাকিব উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়ারী থানার এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা এসআই মো. জালালউদ্দিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

বিচারক ওই আবেদনের শুনানি করে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সকালে ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিটে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) একটি অফিস থেকে সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় দুপুরেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়ারী থানার এসআই মো. বিল্লাল হোসাইন জনি বাদী হয়ে সিদ্দিক ও বিটিসিএল কর্মচারী পলাতক মোস্তফার বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, বিটিসিএলের ওই অফিসের টেকনিশিয়ান (ওয়ার্ক চার্জ) মোস্তফা এসব ইয়াবা বিক্রির জন্য সেখানে আনে। আর সিদ্দিক ইয়াবা বহনের কাজে চুক্তিবদ্ধ ছিল।

এদিকে ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তফাকে বরখাস্ত করা হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মো. এনায়েত হোসেন।

পুরনো খবর:

ওয়ারীতে ৭৬ হাজার ইয়াবাসহ কিশোর আটক