২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে ৭৬ হাজার ইয়াবাসহ কিশোর আটক

পুরান ঢাকার ওয়ারীতে বিটিসিএলের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ৭৬ হাজার ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 12:05 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকল সাড়ে ৮টার দিকে র‌্যাংকিন স্ট্রিটে সাব পোস্ট অফিস ভবনের নিচ তলায় বিটিসিএলের একটি কক্ষ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক ১৫ বছরের ওই কিশোর একজন ‘টোকাই’ বলে পুলিশ জানিয়েছে।

নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাংকিন স্ট্রিটের ওই ভবনের দোতলায় সাব পোস্ট অফিস। নিচতলায় থাকেন পোস্ট মাস্টার। তার কক্ষের পাশের কক্ষটি বিটিসিএল ব্যবহার করে, যেখানে সংস্থাটির যন্ত্রপাতিও রাখা আছে।

“বিটিসিএলের ওই কক্ষে লাল একটি বড় ব্যাগের ভেতরে ৭৬ হাজার ইয়াবা পাওয়া যায়। সেগুলো যত্ন করে মোড়ানো ছিল।”

তিনি বলেন, বিটিসিএলের ওই অফিসটির টেকনিশিয়ান (ওয়ার্ক চার্জ)  মোস্তফা (৩৫) এই ইয়াবাগুলো বিক্রির জন্য সেখানে আনে। ওই কিশোর ইয়াবা বহনের কাজে চুক্তিবদ্ধ ছিল।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ২ কোটি ২৮ লাখ টাকা বলে জানান পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম।

ওই কিশোর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, দেড় মাস আগে সে ওয়ারী এলাকায় কাগজ কুড়াতো। মোস্তফা তাকে প্রতিদিন পাঁচশ টাকা দেওয়ার কথা বলে ইয়াবার বাহক নিয়োগ করে।

আগেও বিভিন্ন জায়গায় কাগজে মোড়া ব্যাগ পৌঁছে দিলেও সেগুলোতে কি ছিল তা জানতো না বলে দাবি করেছে সে।

নুরুল ইসলাম জানান, অভিযানের সময় মোস্তফা পালিয়ে গেলেও তাকে আটক করার চেষ্টা চলছে।