২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫%

দেশের ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ব্যালট পেপারে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 03:21 PM

Updated : 07 Jan 2024, 03:21 PM

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় সারা দেশে ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ভোট পড়ার এই হিসাব দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তুলে ধরেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

সচিব জানান, এই সময়ের মধ্যে ঢাকা বিভাগের ভোট পড়েছে ১৭%, চট্টগ্রাম বিভাগে ২৩%, খুলনা বিভাগে ২১%, সিলেট বিভাগে ১৮%, ময়মনসিংহ বিভাগে ২০%, রাজশাহী বিভাগে ১৭% ও বরিশাল বিভাগে ২২% ভোট পড়েছে। রংপুর বিভাগের ভোট পড়ার হিসাব দেননি তিনি।

বিএনপিসহ সমমনা দলগুলো ভোট বর্জনের মধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনের ভোট হচ্ছে রোববার। দেশের ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ব্যালট পেপারে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবার নিজেদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে ১১ কোটি ৯৩ লাখের বেশি ভোটার রায় দিচ্ছেন। মোট ১৯৬৯ প্রার্থীর মধ্যে ৪৩৭ জন লড়ছেন স্বতন্ত্র হয়ে। দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৫৩২ জন।

Image

নির্বাচন ভবনে ভোট পড়ার হিসাব তুলে ধরেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ভোট গ্রহণকালে বেলা ১২টা পর্যন্ত তিনটি কেন্দ্র বাতিল করা হয়েছে জানিয়ে ইসি সচিব জাহাংগীর বলেন, এর একটি কেন্দ্র নরসিংদীতে, আর বাকি দুইটি নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায়। এছাড়া পাঁচটি কেন্দ্র স্থগিত রাখা হলেও পরে সেগুলো আবার সচল করা হয়েছে।

অপরদিকে জাল ভোট দেওয়ার জন্য তিনজনকে সাজা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এবার ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’র মাধ্যমে আসনভিত্তিক ভোটের তথ্য জানাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।