ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় বিশেষ আদালতের রায় চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের বিষয়ে মঙ্গলবার আদেশ দেবে আদালত।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ সোমবার আদেশের এই দিন ঠিক করেন।
চট্টগ্রামের বিশেষ ট্রাইবুনালে সাজাপ্রাপ্ত বিডিআরের (বিজিবি) সাবেক নায়েক মো. ইব্রাহিম গত ২২ মে এই রিট আবেদন করেন।
রিট আবেদনকারীর আইনজীবী এস এম জাকির হোসেন গত বুধবার বলেন, "যে বিশেষ আদালতে আমার মক্কেলের শাস্তি হয়েছে, সেটি বাংলাদেশ রাইফেলস অর্ডার-১৯৭২ এর ২(ট) অনুযায়ী গঠন হয়নি। কারণ ওই আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি প্যানেল বিচারকদের সঙ্গে বসে বিচার কাজে অংশ নিয়েছেন। সুতরাং সংবিধানের ৪৫ ও ১০২ অনুচ্ছেদ অনুযায়ী ওই বিচার প্রক্রিয়া অবৈধ।"
সোমবার শুনানিতে অংশ নেন বিডিআর বিদ্রোহের বিচারে রাষ্ট্রের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল বলেন, "বাংলাদেশ রাইফেলস অর্ডার-১৯৭২ এর ২(২)(ঝ) অনুযায়ী এ ধরনের বিচারে আইনী সহায়তা দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি থাকার বিধান রয়েছে। অভিযুক্তদেরই তাতে সুবিধা হয়।"
সরকারের শীর্ষ আইন কর্মকর্তা বলেন, "অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধিরা সেখানে বিচারক হিসাবে বসেননি। শুধু অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবেই উপস্থিত ছিলেন এবং রায়ে সই করেছেন।"
অধিকাংশ ক্ষেত্রেই তারা সাজা কমাতে কাজ করেছেন বলে দাবি করেন মাহবুবে আলম।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বিদ্রোহের ঘটনায় বিচার হয় পুরনো বিডিআর আইনে।
বিদ্রোহের সময় অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে আইনানুগ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্যতা প্রকাশ করে ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের অভিযোগে গত ২৪ ফেব্র"য়ারি মো. ইব্রাহিমকে ৬ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে বিশেষ আদালত।
ওই সাজা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৫ অনুচ্ছেদের পরিপন্থী দাবি করে ইব্রাহিম রিট আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24