ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পিলখানার দরবার হলে আদালত-৮ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এই ব্যাটালিয়নের ৬২২ জন অভিযুক্ত সদস্যের মধ্যে ইতোমধ্যে ৪ জন দোষ স্বীকার করে মাফ চেয়েছেন। প্রসিকিউটর জানিয়েছেন, যারা দোষ স্বীকার করেনি তাদের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণ আছে।
গত ২১ অক্টোবর অভিযোগ গঠনের পরে সাক্ষ্যগ্রহণের জন্যে ৭ নভেম্বর তারিখ নির্ধারণ করেন আদালত।
এ মামলার ৬২৩ জন আসামির মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৩০৮ জন। তবে বিচার কাজ শুরু হওয়ার পর একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালতে দোষ স্বীকার করেছেন সিপাহী সাইফুল ইসলাম, শরীফ জাহাঙ্গীর, জামাল উদ্দিন এবং ইশতিয়াক উদ্দিন।
আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, বিদ্রোহে অংশগ্রহণ ও সহযোগিতা, বিনা অনুমতিতে কোত থেকে অস্ত্র গ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিপদ ও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।
আগে এই মামলার বিচার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ এ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৮ এ চলছে।
আদালতপ্রধান হিসেবে রয়েছেন বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক।
গত ১৭ এপ্রিল অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়। সেদিন আদালতে নেতৃত্ব দেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।
বৃহস্পতিবার বিচার কাজে আদালতপ্রধানকে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক ও মেজর জাহিদুর রহমান খান। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও অ্যাডভোকেট মঞ্জুর-ই আলম। এছাড়া অভিযুক্তদের পক্ষে ফ্রেন্ড অব দি একিউজড (বিডিআরের কর্মকর্তা) ও বেসরকারি আইনজীবিরা আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়।
আসামিদের মধ্যে ৩৩০ জনকে পিলখানায় কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয় ১৫ এপ্রিল। বাকি ২৯৩ জন নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১২০৫ ঘ.
bdnews24