ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহের এক মামলার শুনানিতে এক সাক্ষীতে আসামি 'ওস্তাদ' বলায় আপত্তি জানিয়েছে আদালত।
মঙ্গলবার পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল এবং সংযুক্ত আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে সাক্ষীকে জেরা করার সময় এ ঘটনা ঘটে।
আদালতে ল্যান্সনায়েক মোতালেব মিয়া সাক্ষ্য দেওয়ার সময় ভিডিও ফুটেজর মাধ্যমে বিভিন্ন আসামির অবস্থান দেখিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন।
সাক্ষ্য শেষে আসামিরা তাকে জেরা শুরু করে। এ সময় আসামি নায়েক শাহেদ আলী সাক্ষী মোতালেব মিয়াকে 'ওস্তাদ' বলে সম্বোধন করেন।
আদালতপ্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আসামি শাহেদ আলীকে ওস্তাদ বলার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, "তারা (জওয়ানরা) মোতালেব মিয়াকে 'ওস্তাদ' বলেই ডাকেন। তিনি সবার 'ওস্তাদ' হন।"
একথা শুনে আদালতপ্রধান বলেন, "আদালতে কাউকে ওস্তাদ বলে সম্বোধন করা যাবে না।"
অবশ্য এরপরও মোতালেব মিয়াকে ওস্তাদ সম্বোধন করেই জেরা করেন অনেক আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯৩৩ ঘ.
bdnews24