ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনে অনেক 'বড় বড় লোককে' জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন বিডিআর মামলার তদারককারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার নেছারুল আরিফ।
এ মামলায় সোমবার সিআইডি সদরদপ্তরে জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের তিনি বলেন, "মামলার স্বার্থে প্রয়োজনে আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অনেক বড় বড় লোককে জিজ্ঞাসাবাদ করা হবে।"
তবে কোনো রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, জানতে চাইলে এড়িয়ে যান তিনি।
রাজ্জাককে জিজ্ঞাসাবাদ সম্পর্কে নেছারুল আরিফ বলেন, "তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।"
তবে রাজ্জাকের কাছ থেকে কী তথ্য পাওয়া গেছে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। "মামলার প্রয়োজনে এখন কিছু বলা যাবে না," বলেন তিনি।
সোমবার সিআইডি সদরদপ্তরে রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেন বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ।
জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের তিনি বলেন, "ওনাকে (রাজ্জাক) ডেকে ওনার সম্পর্কে জেনেছি। মামলার প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল।"
রাজনৈতিক হয়রানির উদ্দেশে সিআইডি তাকে ডেকেছে- জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন রাজ্জাক। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কাহহার আকন্দ সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক নেতা হিসেবে তাকে ডাকা হয়নি।"
আরেক প্রশ্নের জবাবে রাজ্জাকের মোবাইল ফোন নম্বর নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, "আমরা যাচাই-বাছাই করে দেখবো।"
আদালতের নির্দেশে মেনেই রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দাবি করে তিনি আরো বলেন, "মামলার তদন্তের স্বার্থে তাকে ডাকা হয়েছে। প্রয়োজন হলে আবারো ডাকা হবে।"
মামলার তদন্তে আরো সময় লাগবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/জিএনএ/১৫১৭ ঘ.
bdnews24