১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের আগে ১৯ পুলিশ পরিদর্শককে এএসপি হিসেবে পদোন্নতি

সোমবার ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

ভোটের আগে ১৯ পুলিশ পরিদর্শককে এএসপি হিসেবে পদোন্নতি
নির্বাচন ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 04:11 PM

Updated : 11 Dec 2023, 04:47 PM

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে এএসপি করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

মন্ত্রণালয় থেকে পুলিশের এই সদস্যদের যে বদলি/পদোন্নতি তালিকা দেওয়া হয়েছিল, কমিশন তাতে অনুমোদন করেছে।

চিঠিতে বলা হয়েছে, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ হতে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায়, পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছেন।”

এর আগে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া রোববার বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী,সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার ও ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করার নির্দেশ দেয় ইসি।

ইসির ভাষ্য,সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরানো খবর:

চার শতাধিক ওসি-ইউএনও বদলে ইসির সম্মতি