২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ ছাড়লেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্বজনরা

“সারজিস আলম এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা সড়ক ছেড়ে দেন,” বলেন শাহবাগ থানার ওসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 09:22 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

জুলাই-অগাস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনার দ্রুত বিচার এবং আহতদের স্বীকৃতির দাবিতে প্রায় সাত ঘণ্টা ধরে অবস্থানের পর ঢাকার শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন স্বজনরা।

সড়ক ছেড়ে দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য দিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি বলেন, “জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন।”

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা শাহাবাগ মোড় আটকে অবস্থান নিলে ঢাকার গুরুত্বপূর্ণ ওই মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখানে তাদের হাতে হতাহতদের ছবিসহ প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। তারা প্রধান উপদেষ্টার সাক্ষাতের দাবিও জানান। 

শাহবাগ আটকে দিলেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনরা

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করেন অভ্যুত্থানে আহত-নিহতদের স্বজনরা। সেখানে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা না বলা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।

শহীদ ও আহতদের স্বজনদের দাবিসমূহ হল– প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করা; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া; আহতদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের সঙ্গে আলোচনা করে ন্যায্য হারে মাসিক সম্মানীর ব্যবস্থা করা।