২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক সাবিরা হত্যা: ৩৯ বার সময় নিয়েও ‘আলো’ নেই তদন্তে

তদন্ত কর্মকর্তা বলছেন, “যারা ঘটনা দেখেছে, বায়োলজিক্যাল সাক্ষী, এভিডেন্স যা আছে তার ওপর ভিত্তি করে তো প্রতিবেদন দিতে হবে। এটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি।”

চিকিৎসক সাবিরা হত্যা: ৩৯ বার সময় নিয়েও ‘আলো’ নেই তদন্তে
কাজী সাবিরা রহমান লিপি

বিডিনিউজ২৪

মামুন খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 09:13 AM

Updated : 26 Aug 2026, 12:49 PM

দেখতে দেখতে চার বছর পেরোল, দফায় দফায় সমও নেওয়া হলো, কিন্তু ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি হত্যার তদন্ত গুছিয়ে আনতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। 

আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের কাছাকাছি পৌঁছার কথা গত বছর বলেছিলেন মামলাটির তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

এর মধ্যে বদলে গেছে তদন্ত কর্মকর্তা। নতুন তদন্ত কর্মকর্তা এখন বলছেন, তারা এখনো তদন্ত প্রতিবেদন গুছিয়ে আনতে পারেননি। 

সাবিরা হত্যার রহস্যের কুলকিনারা না হওয়ায় বিচারকাজ শুরু হবে কবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

মামলার প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ৩৯ বার সময় নিয়েছে তদন্ত সংস্থা।

সর্বশেষ গত ২৮ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ওইদিনই পিবিআই প্রতিবেদন জমা দিতে পারেনি। আগামী ২ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

২০২১ সালের ৩০ মে কলাবাগান প্রথম লেইনের একটি বাড়ির চার তলার ফ্ল্যাট থেকে সাবিরার মৃতদেহ উদ্ধার করা হয়। ৪৭ বছর বয়সী এই চিকিৎসক গ্রীন লাইফ হাসপাতালে কাজ করতেন।

সাবিরার শরীরে ধারাল জখম এবং পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়ার কথা পুলিশ জানিয়েছিল।

সাবিরা ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে দুজনকে ‘সাবলেট’ দিয়েছিলেন। তাদের একজন প্রথম সাবিরার লাশ দেখেন। অন্যজন বাসায় ছিলেন না।

এই ঘর থেকে উদ্ধার করা হয় সাবিরার লাশ 

এই ঘর থেকে উদ্ধার করা হয় সাবিরার লাশ

সাবলেট নেওয়া সেই নারী পরে ভবনের দারোয়ানসহ কয়েকজনকে এনে দরজা ভেঙে ভেতরে যান।

তারা ঢুকে দেখতে পান, সাবিরা বিছানায় পড়ে আছেন এবং ঘরে ধোঁয়া। পরে ফায়ার ব্রিগেড এসে পানি ছিটিয়ে চলে যায়। পুলিশ বেলা ১২টার দিকে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের কলাবাগান জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান সেদিন বলেছিলেন, “তার (সাবিরা) গলায় ও কোমরে গুরুতর জখম আছে। বিছানার জাজিম পোড়া দেখা গেছে এবং শরীরেও পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।”

কিন্তু পুলিশ কোনো অস্ত্র পায়নি, খুনির আঙুলের ছাপ নেই কোথাও। এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি, যিনি সন্দেহজনক কাউকে ভবনে ঢুকতে বা বের হতে দেখেছেন। সেই ভবনে নেই কোনো সিসিটিভি ক্যামেরাও।

এ ঘটনায় সাবিরার পাশের কক্ষের তরুণী, তার ছেলে বন্ধু এবং বাড়ির দারোয়ানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

এঘটনায় ১ জুন সাবিরার মামাত ভাই রেজাউল হাসান মজুমদার কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করলেও তাতে কাউকে আসামি করা হয়নি।

পুলিশের তদন্ত আগাতে থাকে সাবিরার স্বামীকে ঘিরে। থানা পুলিশ এই হত্যা রহস্য উন্মোচন করতে না পারার পর ২০২১ সালের ২২ আগস্ট মামলার দায়িত্ব পায় পিবিআই।

তদন্ত পাওয়ার পর ২০২২ সালের ১৯ এপ্রিল সাবিরার স্বামী এ কে এম সামছুদ্দিন আজাদকে শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পিবিআই। 

পরে আজাদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন। 

২০২১ সালের ৩০ মে কলাবাগান প্রথম লেইনের একটি বাড়ির চার তলার ফ্ল্যাট থেকে সাবিরার মৃতদেহ উদ্ধার করা হয়। 

২০২১ সালের ৩০ মে কলাবাগান প্রথম লেইনের একটি বাড়ির চার তলার ফ্ল্যাট থেকে সাবিরার মৃতদেহ উদ্ধার করা হয়।

মামলাটি এখন তদন্তের দায়িত্বে আছেন পিবিআই পরিদর্শক মো. এমরানুল হাসান।

জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত একটা জায়গায় নিয়ে এসেছি। তবে বিষয়টা পুরোপুরি কমপ্লিট করতে করতে পারিনি। আপনারা জানেন, তার স্বামীকে এ মামলায় গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে অভিযোগপত্র দেব পুরোপুরি তথ্য, প্রমাণের ভিত্তিতে তো দিতে হবে। 

“যারা ঘটনা দেখেছে, বায়োলজিক্যাল সাক্ষী, এভিডেন্স যা আছে তার ওপর ভিত্তি করে তো প্রতিবেদন দিতে হবে। এটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। শুধু ভুক্তভোগীর সাবেক স্বামীকে ঘিরে নয়, সামগ্রিকভাবে তদন্ত করা হচ্ছে। আমরা একদম সঠিক তথ্যপ্রমাণ পেলেই আদালতে প্রতিবেদন জমা দেব।”

খুনের কারণ জানা গেছে কি না এমন প্রশ্নে এ তদন্ত কর্মকর্তা বলেন, “যেহেতু এটা তদন্তাধীন বিষয়। আপাতত বলতে চাচ্ছি না।”

আসামিপক্ষের আইনজীবী জামাল হোসেন ভূঁইয়া বলেন, “এ ঘটনায় সামছুদ্দিন আজাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই৷ তদন্তের কোনো অগ্রগতি নেই। তিনি নির্দোষ হয়েও প্রতিনিয়ত আদালতে হাজিরা দিচ্ছেন। অথচ আদালতে প্রতিবেদন দেওয়া হচ্ছে না।”

সঠিক তদন্তে হলে আজাদ নির্দোষ প্রমাণিত হবেন এমন আশা প্রকাশ করে তিনি বলেন, “আমরাও চাই সঠিক তদন্তের মাধ্যমে মূল ঘটনা উদ্ঘাটন করা হোক, যাতে নিরপরাধ কেউ ভুক্তভোগী না হয়।”

মামলার বিষয়ে জানতে বাদী রেজাউল হাসানের মোবাইল ফোনে কল দিয়ে সেটি বন্ধ পাওয়া গেছে। 

চিকিৎসক সাবিরা হত্যার 'কূল কিনারা নেই'