১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি আনারের খোঁজে দুই দেশ কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

“সব গভমেন্ট এজেন্সি এটা নিয়ে কাজ করছে,” বলেন তিনি।

এমপি আনারের খোঁজে দুই দেশ কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 04:08 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সন্ধানে দেশটির সঙ্গে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, “ঝিনাইদহের এমপি আমাদের ইমিগ্রেশন ও ভারতের ইমিগ্রেশন যথাযথভাবে পার হয়ে ভারতে গিয়েছিলেন। যাওয়ার পরে তার কোনো খোঁজখবর পাচ্ছি না। 

“সব গভমেন্ট এজেন্সি এটা নিয়ে কাজ করছে। এনএসআই, এসবি, পুলিশ কাজ করছে। ভারতীয় পুলিশের সঙ্গে, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা নিয়ে কাজ চলছে।”

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদ সদস্য আনার গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান জানিয়ে তার ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেছিলেন, “১৬ মে থেকে তার সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না।”

এরপর সংসদ সদস্যের পরিবারের পক্ষ থেকে কয়েকজনকে খোঁজ জানার জন্য ভারতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

রোববার সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছেন।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না। কখনও তার ফোন খোলা থাকে, বেশির ভাগ সময়ই বন্ধ পাচ্ছি।“

এক প্রশ্নের জবাবে ডোরিন বলেন, “তিনি রেগুলারই ভারতে যান। তার কানে মেজর সমস্যা আছে। তার একটা কান পুরোপুরি বন্ধ, এই কারণে যেতে হয়।”

সংসদ সদস্যের মেয়ে ডোরিন সাংবাদিকদের বলেন, তার বাবা ভারতে গিয়ে তার এক বন্ধুর বাসায় ওঠেন। সেখান থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। ওই বন্ধু স্থানীয় থানায় এ ব্যাপারে জিডি করেছেন।

সোমবার পুলিশ কমিশনার হাবিবুর বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনৈতিক পর্যায় ছাড়াও ভারতের পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তারা (ভারতের পুলিশ) সব ধরনের সহযোগিতা করছে।

“এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তিনি সেখানে (ভারত) প্রতারকের খপ্পড়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে।”

এদিকে পিএ আব্দুর রউফের মোবাইল ফোনে সংসদ সদস্যের মোবাইল ফোন থেকে গত ১৬ মে একটি ফোন এলেও তিনি ধরতে পারেননি। পরে ফিরতি কল করলে তা কেউ ধরেনি। পরে একটি এসএমএস আসে।

এসএমএস কী লেখা রয়েছ তা না বললেও পুলিশ কমিশনার হাবিবুর বলেন, মেসেজটি দেখে মনে হয়েছে এটি ভুয়া। সংসদ সদস্যের দেওয়া ‘মেসেজ’ নয়।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, “আমার কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। যতটুকু শুনতেছি, তার মোবাইলটা অনেকটা বন্ধ আছে।”