২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ভূমিকম্প: আরও ৫টি লাশ উদ্ধার করেছে বাংলাদেশ দল

তুরস্কে ৬২ জনের এবং শুক্রবার সিরিয়ায় ১৭ জনের উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ।

তুরস্কে ভূমিকম্প: আরও ৫টি লাশ উদ্ধার করেছে বাংলাদেশ দল

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে বিশেষ উদ্ধার অভিযানে বাংলাদেশের সম্মিলিত সাহায্যকারী দল। ছবি: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 08:13 PM

Updated : 12 Feb 2023, 08:13 PM

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে বাংলাদেশের সম্মিলিত সাহায্যকারী দল ধ্বংসস্তূপ থেকে আরও পাঁচজনের লাশ উদ্ধার করেছে।

রোববার উদ্ধার এই লাশগুলোর মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

এর আগে আদিয়ামান শহরে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করার পাশাপাশি তিনজনের লাশ উদ্ধার করেছিল বাংলাদেশের উদ্ধারকারী দলটি। 

গত রোববার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে ৭ দশমিক ৮ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে মাত্র ১০০ কিলোমিটার উত্তরে ৭ দশমিক ৫ মাত্রায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

বড় ধরনের এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াসহ আশেপাশের অঞ্চলগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। দুই দেশে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত বুধবার তুরস্কের পথে ঢাকা ছাড়ে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল, আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে। ৬০ সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন।