১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও আশা জাগাচ্ছে বাংলাদেশের পোশাক

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ১২৩ শতাংশের বেশি।

প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও আশা জাগাচ্ছে বাংলাদেশের পোশাক

এআই ব্যবহার করে তৈরি প্রতীকী ছবি

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 01:37 AM

Updated : 17 Oct 2026, 01:37 AM

ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশকে টেক্কা দিতে চাইছে যে দেশটি, সেই তুরস্কের বাজারেই বাংলাদেশের পোশাক রপ্তানি নতুন করে বাড়তে শুরু করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশভিত্তিক রপ্তানির হিসাব বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে তুরস্কে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৪ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলার।

গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ১২৩ দশমিক ১৪ শতাংশ।

শুধু পোশাক নয়, তুরস্কে বাংলাদেশের সব ধরনের পণ্য রপ্তানিও এই সময়ে বেড়ে দ্বিগুণ হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটিতে মোট রপ্তানি হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১০০ দশমিক ১১ শতাংশ।

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বাড়ার এ হার জাতীয় রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।

ইপিবির হিসাবে, এই সময়ে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর সময়ে আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ১ হাজার ২৩১ কোটি ডলার ছিল।

রপ্তানিকারকদের মতে, তুরস্কের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ার সম্ভাবনা কাজে লাগানো গেলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব।

তাদের প্রত্যাশা, চলতি অর্থবছরেই তুরস্কে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি ১০০ কোটি ডলারে উন্নীত হতে পারে। তবে এ লক্ষ্য অর্জনে পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যের রপ্তানিও বাড়াতে হবে।

Image

এআই ব্যবহার করে তৈরি ইনফোগ্রাফ

শুল্কের ধাক্কায় হারানো বাজার ফিরে পাওয়ার সুযোগ

তুরস্ক বাংলাদেশের জন্য নতুন কোনো বাজার নয়। দীর্ঘদিন ধরে দেশটিতে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ।

একসময় শুল্কমুক্ত সুবিধার কারণে তুরস্ক বাংলাদেশের পোশাকের গুরুত্বপূর্ণ বাজার ছিল। তবে শুল্কনীতিতে পরিবর্তনের পর সেখানে বাংলাদেশের রপ্তানি বড় ধাক্কা খায়।

ইপিবির পরিসংখ্যানে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরে তুরস্কে পণ্য রপ্তানি করে প্রায় ৮৬ কোটি ডলার আয় করেছিল বাংলাদেশ। এর মধ্যে তৈরি পোশাক থেকে এসেছিল ৬২ কোটি ২০ লাখ ডলার। পণ্য ও পোশাক–দুই ক্ষেত্রেই সেটি ছিল তুরস্কে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয়।

এর পরের কয়েক বছরে রপ্তানি কমতে থাকে। ২০১৫-১৬ অর্থবছরে তুরস্কে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি নেমে আসে ৬৬ কোটি ১৮ লাখ ডলারে। তৈরি পোশাক থেকে আয় কমে দাঁড়ায় প্রায় ৪৬ কোটি ডলারে।

পরের বছরগুলোতে রপ্তানি আয়ে কিছুটা ওঠানামা থাকলেও আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে পারেনি বাংলাদেশ।

সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যানেও সেই চিত্র দেখা যায়। ২০২৫-২৬ অর্থবছরে তুরস্কে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৫৯ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৫৫ শতাংশ কম।

ওই অর্থবছরে তৈরি পোশাক থেকে আয় হয়েছিল ৪০ কোটি ১৭ লাখ ডলার। পাট ও পাটজাত পণ্য থেকে এসেছিল ১৬ কোটি ১৬ লাখ ডলার।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে তুরস্ক থেকে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল ৬৩ কোটি ৪৫ লাখ ডলার। সে বছর প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ২৩ শতাংশ।

সেবার তৈরি পোশাক থেকে আয় হয়েছিল প্রায় ৪৫ কোটি ডলার এবং পাট ও পাটজাত পণ্য থেকে ১৪ কোটি ৪৫ লাখ ডলার।

এ পরিসংখ্যান বলছে, তুরস্কে রপ্তানি বাড়ানোর সুযোগ থাকলেও প্রবৃদ্ধি ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে আছে বাংলাদেশের জন্য। ফলে সাম্প্রতিক উল্লম্ফনকে টেকসই রপ্তানি বৃদ্ধিতে রূপ দেওয়াই এখন গুরুত্বপূর্ণ।

Image

এআই ব্যবহার করে তৈরি প্রতীকী ছবি

স্থানীয় উৎপাদনে ঘাটতি, বিদেশি পোশাকে সুযোগ

তুরস্কে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ার সম্ভাবনা কীভবে তৈরি হল, তার একটি ব্যাখ্যা দিয়েছেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুরস্কে জীবনযাত্রার মান ও আয় বেড়ে যাওয়ায় দেশটির শ্রমিকরা ধীরে ধীরে তৈরি পোশাকশিল্প থেকে সরে আসছেন। ফলে স্থানীয় উৎপাদনে এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। সেই ঘাটতি পূরণে বিদেশি পোশাকের চাহিদা বাড়ছে।

“বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য তুরস্ক এখন সম্ভাবনাময় বাজার হিসেবে সামনে এসেছে। বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের মান, প্রতিযোগিতামূলক দাম ও সময়মত সরবরাহের সক্ষমতা কাজে লাগিয়ে এ বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ রয়েছে।”

তবে এ সুযোগ কাজে লাগাতে শুধু প্রচলিত পোশাক রপ্তানির ওপর নির্ভর করে থাকলে চলবে না বলে মনে করেন ফজলে শামীম।

তার মতে, উচ্চমূল্যের পোশাক, কৃত্রিম তন্তু ও কারিগরি বস্ত্রের মত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি পণ্যের বৈচিত্র্য এবং মূল্য সংযোজনেও গুরুত্ব দিতে হবে।

ফজলে শামীম বলেন, “পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, জুতা এবং অন্যান্য সম্ভাবনাময় পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। তুরস্কের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে হবে।”

বাজার সম্প্রসারণে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপরও গুরুত্ব দিচ্ছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি। তার মতে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ক্রেতা-বিক্রেতা বৈঠক এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে তুরস্কের বাজারে বাংলাদেশের উপস্থিতি আরও জোরদার করা সম্ভব।

ফজলে শামীম বলেন, “নতুন করে যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা কাজে লাগাতে পারলে চলতি অর্থবছরেই তুরস্কে আমাদের মোট রপ্তানি এক বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য সরকার ও বেসরকারি খাত একযোগে কাজ করতে হবে।”

গত অর্থবছরে তুরস্কে বাংলাদেশের মোট রপ্তানি যেখানে ছিল ৫৯ কোটি ৩০ লাখ ডলার, সেখানে চলতি অর্থবছরে ১০০ কোটি ডলারে পৌঁছাতে হলে রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে।

প্রথম তিন মাসের প্রবৃদ্ধি সেই সম্ভাবনার ইঙ্গিত দিলেও বাকি সময়ের রপ্তানি পরিস্থিতিই শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।

বাণিজ্য বাড়াতে যৌথ বিনিয়োগের উদ্যোগ

তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিচ্ছে বর্তমান বিএনপি সরকার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বস্ত্র খাতে কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়টি আলোচনায় এসেছে।

বৈঠকে বাংলাদেশে কৃত্রিম তন্তু ও কারিগরি বস্ত্র খাতে যৌথ বিনিয়োগ, তুরস্ক থেকে কাঁচামাল ও আধুনিক বস্ত্রযন্ত্র আমদানি এবং দ্রুত পণ্য পরিবহনে টার্কিশ এয়ারলাইনস ও ইস্তাম্বুল বিমানবন্দরের সরবরাহব্যবস্থা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ধরনের সহযোগিতা বাংলাদেশের পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চমূল্যের পণ্য তৈরির সুযোগও তৈরি করতে পারে।

একই সঙ্গে পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য রপ্তানি পণ্যের জন্য তুরস্কের বাজার সম্প্রসারণের সুযোগ খোঁজার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা।

গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফরের সময় দুই দেশের বাণিজ্য ১৩০ কোটি ডলার থেকে ২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার আগ্রহের কথা আলোচনা হয়। বাণিজ্য সম্প্রসারণে আরও অনুকূল কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয় সে সময়।

Image

এআই ব্যবহার করে তৈরি প্রতীকী ছবি

পোশাকের পাশাপাশি পাটেও নজর

তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন পাটকল উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সভাপতি তাপস প্রামাণিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পাট ও পাটজাত পণ্যেরও বড় বাজার কিন্তু তুরস্ক। এ বিষয়টি সরকারের নীতিনির্ধারকদের বিবেচনায় রাখতে হবে। শুধু আরএমজি নিয়ে বসে থাকলে চলবে না।”

তার মতে, তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর পরিকল্পনায় তৈরি পোশাকের পাশাপাশি পাটসহ অন্য পণ্যকেও সমান গুরুত্ব দিতে হবে।

তাপস প্রামাণিক বলেন, “সত্যিকার অর্থেই যদি আমরা তুরস্কের বাজার নতুন করে ধরতে চাই, তাহলে তৈরি পোশাকের পাশাপাশি পাটসহ অন্য পণ্যের দিকে সমান নজর দিতে হবে।”

পাট খাতের সম্ভাবনা কাজে লাগাতে না পারার বিষয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “বছরের পর পর পাট নিয়ে আমরা আশাবাদের কথা শুনছি। কিন্তু কিছুই তো হচ্ছে না। স্বাধীনতার পর মোট রপ্তানির ৯০ শতাংশের বেশি বিদেশি মুদ্রা আসত যে খাত থেকে; সেই খাত পথ হারিয়ে ফেলল। আমরা সবাই চেয়ে চেয়ে দেখলাম; পরে রইলাম সবাই তৈরি পোশাক নিয়ে।”

তাপস প্রামাণিকের মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ার প্রবণতাকে কাজে লাগাতে পারলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে। সেজন্য তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যের রপ্তানি, বিনিয়োগ ও যৌথ উদ্যোগ বাড়াতে হবে।

১০০ কোটি ডলারের লক্ষ্য পূরণে যা গুরুত্বপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা থাকলেও এ লক্ষ্য অর্জনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

প্রথমত, তৈরি পোশাকের বাজারে প্রতিযোগিতামূলক দাম ও মান বজায় রাখার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, উচ্চমূল্যের পোশাক ও কারিগরি বস্ত্রের মত পণ্যে সক্ষমতা বাড়াতে হবে।

তৃতীয়ত, পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফও তুরস্কে রপ্তানি বৃদ্ধির প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের জন্য খুবই খুশির খবর যে, তুরস্কে আমাদের রপ্তানিতে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। রপ্তানি বাড়ার এই প্রবণতা ধরে রাখতে পণ্যভিত্তিক রপ্তানি সক্ষমতা ও ক্রেতাদের চাহিদা বিশ্লেষণ করে নতুন সুযোগ কাজে লাগাতে হবে।”

প্রচলিত পণ্যের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, জুতা এবং অপটিক্যালস, চিকিৎসা ও বস্ত্রশিল্পের সরঞ্জামের মত সম্ভাবনাময় পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।