এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দের আদেশ
দুটি ব্যাংক হিসাব, জীবন বীমার চারটি হিসাব, চারটি বিও হিসাব ও তিনটি এফডিআর অবরুদ্ধের আদেশও দিয়েছে আদালত।
দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার মো. তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
তার নামে থাকা দক্ষিণখানের প্রায় ৫৩ লাখ টাকার একটি ফ্ল্যাট এবং চাঁদপুরের মতলবের ১৫ শতক জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে।
তার দুটি ব্যাংক হিসাব, জীবন বীমার চারটি হিসাব, চারটি বিও হিসাব ও তিনটি এফডিআর অবরুদ্ধের আদেশও দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এসব আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারি পরিচালক তানজির আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "ব্যাংক হিসাবে ২৪ লাখ ৭৭ হাজার ৬২৪ টাকা, এফডিআরে ৫৮ লাখ ৭০ হাজার ৪৪২ টাকা, বিও হিসাবে ৯৩ লাখ ১৬ হাজার ৬৩২ টাকা ও জীবন বীমা হিসাবে ১৩ লাখ ২৪ হাজার ৪৩৫ টাকা রয়েছে।'
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. আল-আমিন আবেদন দুটি করেন।
