ঢাকার পাঁচ আসনে ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পাঁচটি আসনে আরও ২১ জন মনোনয়নপত্র নিলেও জমা দেননি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঢাকা জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৪ জন।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষে সোমবার সন্ধ্যায় ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম এ তথ্য তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকা-১ আসনে আটজন, ঢাকা-২ আসনে তিনজন, ঢাকা- ৩ আসনে ১৬ জন, ঢাকা-১৯ আসনে ১১ জন ও ঢাকা-১৯ আসনে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।”
এ পাঁচটি আসনে আরও ২১ জন মনোনয়নপত্র নিলেও জমা দেননি।
সময়সূচি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার ২২ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।
