১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্যটনে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

ফ্লাইটের সংখ্যা বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজীকরণ বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 12:27 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা। 

এই বৈঠকে দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং আতিথেয়তা (হসপিটালিটি) খাতে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের মত বিষয়গুলো উঠে আসে।

পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী তুয়ান চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।

তাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ উন্মোচনে গুরুত্ব তুলে ধরা হয়। 

বৈঠকে যেসব বিষয়ে জোর দেওয়া হয়:

•    উভয় দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা সৃষ্টি।

•     দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ এবং সাংস্কৃতিক বিনিময়।

•    দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি।

•    ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন।

•    পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সাফল্যের মডেল বিনিময়।

বৈঠকে আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা করে দুই পক্ষ। বিশেষ করে মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা মেটাতে যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এই সহযোগিতা আরও জোরদারে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর জোর দিয়েছেন প্রতিনিধিরা। এ ধরনের সহযোগিতা দুই দেশের পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন তারা। 

বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হোয়া, ট্যুরিজম মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাদিলাহ কু আজমি-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।