২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশের বার্তা

“কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।'

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2024, 12:50 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে মানুষ হত্যার ঘটনা ঘটার প্রেক্ষাপটে কঠোর হুঁশিয়ারি দেওয়া হযেছে পুলিশের পক্ষ থেকে।  

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, ‘মব জাস্টিসের’ নামে আইন নিজের হাতে তুলে নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এতে বলা হয়, “সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।”

কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে জানিয়ে পুলিশ বলছে, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোন ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে।“

কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড হতে দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা কাছাকাছি থানায় যোগাযোগ করতে বলেছে পুলিশ। 

মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশের প্রতিটি সচেতন নাগরিকের সহযোগিতা কামনার পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয় ওই বার্তায়।

সবশেষ গত বুধবার দেশের দুই সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনা জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে বুধবার রাতে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেন নামের একজনকে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা করা হয়। এর মধ্যে তাকে ভাতও খাওয়ানো হয়। তিনি যে ‘মানসিক ভারসাম্যহীন’, সে কথা ফোনে তার মামাত বোন নির্যাতনকারী ছাত্রদেরকে বারবার জানিয়েছিলেন। কিন্তু সেই কথা বিশ্বাস না করে আরও বেশি পেটানো হয়েছে।

ওই যুবককে নৃশংসভাবে পেটানো এবং হত্যার আগে ভাত খাওয়ানোর ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ ও শিক্ষার্থীদের সহায়তায় ছয় জনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

একইদিনে এর কয়েক ঘণ্টা আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে মোল্লা শামীমকে কয়েক দফা পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল । 

আহত অবস্থায় শামীমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে রাজশাহীর বিনোদপুর বাজারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া কিছুদিন আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

পুরানো খবর

বিশ্ববিদ্যালয়ে এ কেমন 'নির্মমতা': শিউরে উঠছে মানুষ

ঢাবিতে চোর সন্দেহে 'গণপিটুনি', যুবকের মৃত্যু

ছাত্রলীগ নেতার মৃত্যু: ৫ দফা মারধরের পর দেওয়া হয় পুলিশে

'ও পাগল', ফোনে মামাত বোনের আকুতি শুনেও তোফাজ্জলকে পিটিয়ে হত্যা

ঢাবিতে পিটিয়ে হত্যা: 'কিছু ছাত্রকে' আসামি করার পর ছয়জনকে পুলিশে

'নিপীড়নহীন সমাজ গঠন করতে গিয়ে আমরাই নিপীড়ক হয়ে গেলাম'