২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

তফসিল ঘোষণা: ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

“বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে,” বলেন তিনি।

তফসিল ঘোষণা: ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশন-ইসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এদিন এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়।

দীর্ঘ আলোচনা, সংলাপ, তর্ক-বিতর্কের পর সংস্কারের যেসব রাজনৈতিক দলগুলো সহমতে পৌঁছেছে সেসব অন্তর্ভুক্ত করে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। 

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সরকার একই দিনের একসঙ্গে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

সে অনুযায়ী, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করল।

দেশের রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে।”

তিনি বলেন, “বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব—এই আমার দৃঢ় বিশ্বাস।”