১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

তৌফিক ইমরোজ খালিদীর কবরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের শ্রদ্ধা

তিনি গত ১ অক্টোবর রাতে লন্ডনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 11:39 PM

Updated : 11 Oct 2026, 11:39 PM

বাংলাদেশে ডিজিটাল সংবাদমাধ্যমের পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর কবরে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের নেতারা।

রোববার বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তারা তৌফিক ইমরোজ খালিদীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি অধ্যাপক অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহাবুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক পূর্বা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান শাহিন।

এছাড়া বাংলাদেশ প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি শরীফ আহম্মেদ সাদী ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী চৌধুরী মানিকও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদকের কবরে শ্রদ্ধা জানান।

আগের দিন শনিবার বিকালে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

সেদিন বেলা সাড়ে ৩টায় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

সেখানেই তার বন্ধু, স্বজন, সাবেক ও বর্তমান সহকর্মী এবং সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা তার প্রতি শ্রদ্ধা জানান।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে খালিদীর জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

শনিবার বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।