২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সঙ্গে বৈঠকে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল

জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি যাচাই করতে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের এই প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 12:23 PM

Updated : 10 Oct 2023, 12:23 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি মূল্যায়নে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।

মার্কিন প্রতিনিধিদলে আছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি যাচাই করতে শনিবার ঢাকায় পৌঁছায় যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের এই প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল। আগামী শুক্রবার পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।

নির্বাচন কমিশনের সঙ্গে বসার আগে তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গেও তাদের বসার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে এই সমীক্ষা মিশন পরিচালনা করছে।

সফর শেষ হলে এই পর্যবেক্ষণ দলের তরফ থেকে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে, তা জানানোর পাশাপাশি সুপারিশ থাকলে তাও তারা জানাবে।