২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎকণ্ঠা পরাভূত করে ভোটকেন্দ্রে আসুন: সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

উৎকণ্ঠা পরাভূত করে ভোটকেন্দ্রে আসুন: সিইসি

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণে সিইসি কাজী হাবিবুল আউয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 07:37 PM

Updated : 06 Jan 2024, 10:22 PM

নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতার ঘটনায় উদ্বেগের মধ্যেও নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

ভোটের আগের দিন শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি সব ধরনের উদ্বেগ, উৎকন্ঠা ও অস্বস্তি পরাভূত করে সবাইকে কেন্দ্রে আসার উদাত্ত এ আহ্বান জানান।

ভাষণে ভোটে অনিয়ম হলে প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনি এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন সিইসি। 

তিনি বলেছেন, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির মধ্যে জাতির উদ্দেশে এদিন সন্ধ্যায় তার দেওয়া ভাষণ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়। 

ভোটকে ঘিরে নাশকতা ও সহিংসতার কতিপয় সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সিইসি। এরপরও অলংঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে ভোট আয়োজনের কথা তুলে ধরেন। 

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে। এখন কেবল ভোট গ্রহণ শুরুর অপেক্ষা।

পুরনো খবর:

অনিয়ম হলে প্রয়োজনে ভোট বন্ধ: সিইসি

রোববার ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রচার শেষ হয়েছে। প্রায় দুই হাজার প্রার্থী ও ২৮টি দলের পাশাপাশি নির্বাচন কমিশনও শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে। ভোটের সামগ্রী পৌঁছে যেতে শুরু করেছে কেন্দ্র থেকে কেন্দ্রে। বেশির ভাগ কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে। 

এর আগে ১৫ নভেম্বর শনিবার তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সিইসি হাবিবুল আউয়াল।

সেদিনও তিনি সব দলকে ভোটে আসার আহ্বান জানিয়েছিলেন। তবে বিএনপি ও সমমনা দলগুলো আর ভোটে আসেনি। শেষ পর্যন্ত ২৮টি দল ভোটে অংশ নিচ্ছে, মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৬৯ জন। এবার অনেক স্বতন্ত্রও অংশ নিচ্ছেন। নওগাঁর একটি আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ২৯৯ আসনে ভোট হবে। 

তবে সব দল ভোটে না আসায় ভোটে সেরকম রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না মন্তব্য করে শনিবার সিইসি বলেন, নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মত-বিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্খিত নির্বাচনি সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি। তারপরও ২৮টি দল নির্বাচনে অংশ গ্রহণ করছে।

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে শনিবার ভোটের সামগ্রী বিতরণ করা হয়।

এতে নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয়’ মর্মে আখ্যায়িত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। 

ত্বত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবার এক দফার আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলো ভোট বজর্নন করেছে। ভোট ঠেকাতে টানা হরতাল ও অবরোধের কর্মসূচি পালন করছে। নভেম্বরের শুরু থেকে সেই আন্দোলনে বাস-ট্রেনে আগুন ও অন্যান্য নাশকতায় প্রাণহানি হয়েছে।

ভোটের মধ্যে বিএনপির সবশেষ ডাকা হরতালের আগের রাতে শনিবার বেনাপোল এক্সপ্রেসে আগুনে চারজনের প্রাণহানি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ১৫টির বেশি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। 

এমন প্রেক্ষাপটে নাশকতার প্রসঙ্গে সিইসি হাবিবুল আউয়াল বলেন, পরিতাপের বিষয় নাশকতা ও সহিংসতা একেবারেই হচ্ছে না তা বলা যাচ্ছে না। রাষ্ট্রীয় ধন-সম্পদের ক্ষতিসাধনের পাশাপাশি মানুষ আহত-নিহত হচ্ছে। নির্দোষ, নিরীহ, নিষ্পাপ শিশু, নারী, পুরুষের মর্মান্তিক ও মর্মন্তুদ মৃত্যুর ঘটনাও ঘটছে।

নাশকতা ও সহিংসতার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “তারপরও অলংঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণকে অনুরোধ করছি আপনারা সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন।” 

সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচন বিষয়ক বিধি-বিধান অনুসরণ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকেও আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুধাবন, প্রতিপালন ও প্রয়োগ করে সততা ও নিষ্ঠার সাথে নির্বাচন পরিচালনার সার্বিক বিষয়ে আরোপিত দায়িত্বপালন করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা, শৈথিল্য, অসততা ও ব্যত্যয় সহ্য করা হবে না।

জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকারের নির্বাচনি অনিয়ম-অনাচার প্রতিহত করার উদাত্ত আহ্বানও জানান তিনি।

অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাঙ্খিত অনুকূল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, “নির্বাচন প্রশ্নে, রাজনৈতিক নেতৃত্বে মতভেদ রয়েছে। মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা কাম্য নয়। 

“পরিস্থিতির স্থায়ী সমাধানে রাজনৈতিক নেতৃত্বকে এ বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগী হতে হবে। আজকে না হলেও ভবিষ্যতের জন্য।” 

আলাপ-আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়ে যে কোন রাজনৈতিক সংকটের নিরসন সম্ভব বলে মনে করেন সিইসি। 

সবার সমন্বিত সহযোগিতার মাধ্যমেই কেবল নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা সম্ভব বলে জানান তিনি।

ভোট দিতে কারও হস্তক্ষেপ বা প্ররোচনায় প্রভাবিত না হতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো রকম বাধার সম্মুখীন হলে অবিলম্বে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অবহিত করবেন। প্রিজাইডিং অফিসার যে কোনো মূল্যে যে কোনো অপচেষ্টা প্রতিহত করে ভোটারের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে আইনত দায়িত্বপ্রাপ্ত ও বাধ্য।”

প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পোলিং এজেন্ট না থাকলে সম্ভাব্য ভোট কারচুপি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব নাও হতে পারে বলে জানান হাবিবুল আউয়াল। 

“নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা সৎ, নিরপেক্ষ ও অবিচল থেকে আইন ও বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করবেন। নইলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

দৃশ্যমানতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ফুটিয়ে তোলা গেলে নির্বাচনের বিশুদ্ধতা ও নিরপেক্ষতা প্রশ্নে জনমনে আস্থা সৃষ্টি হবে বলে মনে করেন তিনি। 

তিনি বলেন, “এক্ষেত্রে গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা প্রণিধানযোগ্য। তাই দেশি ও বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।” 

নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২৩ হাজার দেশি এবং প্রায় ২০০ বিদেশি পর্যবেক্ষক কাজ করবেন বলে জানান তিনি। 

এক নজরে

>> ভোট হবে ২৯৯ আসনে

>> সকাল ৮টা থেকে বিকাল ৪টা

>> ভোটার: ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন।

>> ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি

>> ও ভোটকক্ষ: লাখ ৬০ হাজার ৮৫৬টি

>> প্রার্থী: ১৯৬৯ জন প্রার্থী।

>> দল: ২৮টি।

>> স্বতন্ত্র: ৪৩৭ জন।

>> ৬৪ জেলায় ৬৬ জন রিটার্নিং অফিসার (ঢাকা ও চট্টগ্রামে ২ জন করে)

>> ৫৯০ জন সহকারী রিটার্নিং অফিসার

>> পর্যবেক্ষক: প্রায় ৩০ হাজার পর্যবেক্ষক।

>> নিরাপত্তা বাহিনী: প্রায় ৮ লাখ সদস্য। 

আরও পড়ুন:

পুরনো খবর:

১২ জেলায় ১৬ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
নির্বিঘ্নে কেন্দ্রে আসুন, ভোট কারচুপি প্রতিহত করুন: সিইসি
সংলাপে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়: সিইসি