০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই: সারজিস

“নাহিদ, আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল,” ফেইসবুক পোস্টে লেখেন তিনি।

সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই: সারজিস
সারজিস আলম। ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 07:31 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া এ সংগঠনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার আন্দোলনের আরেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের স্বপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেন তিনি।

পোস্টে সারজিস লেখেন, “নাহিদ, আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। ডিজিএফআই-ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরও তিন মাস আগেই নিজেদেরকে হত্যার জন্য বিলিয়ে দিয়েছিল।"

সচিবালয়ের মূল ফটকে গত সোমবার উপদেষ্টা নাহিদ ইসলামের সামনে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ নিয়ে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া কিছু বক্তব্য ও স্লোগান নিয়ে ফেইসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সারজিস এমন পোস্ট দিলেন।

ঢাকার কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা গত সোমবার মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। তারা শিক্ষা সচিবের সঙ্গে দেখা করার দাবি জানান।

তবে শিক্ষা সচিব দেখা করতে না চাওয়ায় শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে এসে সচিবালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তখন তথ্য উপদেষ্টা নাহিদ তাদের সঙ্গে কথা বলতে ফটকের সামনে এলে শিক্ষার্থীরা নানা স্লোগান দেয়। তিনি সেখানে দাঁড়িয়ে তাদের স্লোগান শোনেন।

নাহিদের বক্তব্যের পর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে বৈঠক করে। সেখানে সমস্যা সমাধানের আশ্বাস এলে তারা অবস্থান তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান।

ওই ঘটনার প্রেক্ষাপটে ফেইসবুকে নানান আলোচনার মধ্যে সারজিস এ পোস্ট দিলেন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টি নিয়ে লেখেন তিনি। 

সারজিস লেখেন, “স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল। সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে।

”কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না।”

এ বন্ধন এমনি এমনি তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, “হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে।” 

পোস্টে সারজিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও অন্যতম কয়েকজন সমন্বয়কের নাম তুলে ধরে তাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেছেন। 

"মাহিন সরকার, আবু বাকের মজুমদার,আব্দুল কাদের, রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি।"

স্ট্যাটেসের শেষে ‘সাবধান’ লিখে সতর্ক করেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়কম, যিনি এখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।