০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক

দেশটিতে আশ্রয়প্রার্থীদের সরকারি সাক্ষাৎকারে ‘ইচ্ছাকৃত ভুল অনুবাদ’ করতেন তিনি।

ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক

সিরাকুজা পুলিশ সদর দপ্তর, ইতালি।

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 02:20 PM

Updated : 01 Nov 2026, 02:24 PM

ইতালিতে আশ্রয়প্রার্থীদের সরকারি সাক্ষাৎকারে ‘ইচ্ছাকৃত ভুল অনুবাদ’ করার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সি এক দোভাষীকে আটক করেছে দেশটির পুলিশ।

অভিযোগ, তিনি পরিকল্পিতভাবে সাক্ষাৎকারের প্রশ্ন ও উত্তর বিকৃত করে অনুবাদ করতেন, যাতে আশ্রয়প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

বৃহস্পতিবার ইতালির সংবাদমাধ্যম আদনক্রোনোসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি ইতালির সিরাকুজা শহরের আন্তর্জাতিক সুরক্ষা স্বীকৃতিবিষয়ক আঞ্চলিক কমিশনে বাংলা ভাষার দোভাষী হিসেবে কাজ করতেন। আশ্রয়প্রার্থীদের সাক্ষাৎকারের সময় কমিশনের কর্মকর্তা ও আবেদনকারীদের মধ্যে কথোপকথন অনুবাদের দায়িত্ব ছিল তার। এ কাজে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।

তদন্তে উঠে এসেছে, ওই দোভাষী দীর্ঘদিন ধরে ইচ্ছাকৃতভাবে এবং নিয়মিতভাবে সাক্ষাৎকারের বক্তব্যের ভুল অনুবাদ করছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি শুধু আশ্রয়প্রার্থীদের উত্তরই নয়, কমিশনের কর্মকর্তাদের করা প্রশ্নও পরিবর্তন করে কার্যবিবরণীতে তুলে ধরতেন।

অনেক ক্ষেত্রে আবেদনকারীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া হতো। এমনকি তারা কখনও বলেননি, এমন বক্তব্যও তাদের নামে নথিভুক্ত করা হতো।

এভাবে সাক্ষাৎকারের প্রকৃত বক্তব্য সম্পর্কে কমিশনের কর্মকর্তাদের বিভ্রান্ত করা হতো। ফলে আশ্রয়প্রার্থীদের আবেদন সাধারণত তাদের বিপক্ষে যাওয়ার পরিস্থিতি তৈরি হতো বলে তদন্তকারীদের ধারণা।

সিরাকুজা প্রসিকিউটর অফিসের নির্দেশে কারাবিনিয়েরি পুলিশের অপারেশনাল ইউনিট এ ঘটনার তদন্ত করে। তদন্তের পর সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারি নথিতে মিথ্যা তথ্য অন্তর্ভুক্ত করার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়।

পরে আদালত আটকাদেশ অনুমোদন করে তাকে ইলেকট্রনিক ব্রেসলেট পরিয়ে গৃহবন্দি রাখার নির্দেশ দেন। একইসঙ্গে একই বাড়িতে বসবাসকারী পরিবারের সদস্য ও তার আইনজীবী ছাড়া অন্য কারও সঙ্গে কোনো মাধ্যমে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সদস্য জানান, আশ্রয়প্রার্থীদের সরকারি সাক্ষাৎকারে অনুবাদের কাজ করার সময় কয়েকজন দোভাষীর বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগও শোনা যায়। চাহিদামতো অর্থ না দিলে সঠিকভাবে অনুবাদ করা হয় না, এমন অভিযোগও রয়েছে।

আটক ব্যক্তির ঘটনার পেছনেও এ ধরনের কোনো বিষয় থাকতে পারে বলে তাদের ধারণা। তবে আটক দোভাষীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।