২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাদের বিধি মেনে চলার নির্দেশ প্রধান বিচারপতির

তিনি বক্তব্যে সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ১২ দফা নির্দেশনা দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2024, 06:23 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট কর্মকর্তাদের আপিল ও হাই কোর্ট বিভাগের বিধি, সার্কুলারসহ অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। 

বুধবার সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার থেকে উপরের পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশে এক দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সুপ্রিম কোর্টের মূল ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন বলে আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে আসা বিচার প্রার্থীদের উন্নত সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ দাপ্তরিক কর্তব্য পালনের ক্ষেত্রে আপিল ও হাই কোর্ট বিভাগের সংশ্লিষ্ট রুলস, বিভিন্ন সময়ে জারিকৃত ‘প্র্যাকটিস ডাইরেকশন’, ‘সার্কুলার’ ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।  

বিচারসেবা প্রত্যাশী জনসাধারণ ও তাদের নিযুক্ত আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহার ও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে সুপ্রিম কোর্ট সেবা প্রদানের উৎকর্ষতায় অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় আদর্শ তৈরি করবে বলে প্রধান বিচারপতি আশা প্রকাশ করেন।  

তিনি বক্তব্যে সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ১২ দফা নির্দেশনা দেন। 

এর মধ্যে দ্রুত সেবা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা দিতে অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্ন, কর্মকর্তাদের প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ উল্লেখযোগ্য। 

বিশেষ করে, প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে তাদের শাখার কার্যক্রম সম্পর্কে স্ব স্ব অতিরিক্ত রেজিস্ট্রারকে নিয়মিত অবহিত করবেন এবং অতিরিক্ত রেজিস্ট্রাররা প্রতি চার সপ্তাহ পর পর তাদের মনিটরিং কার্যক্রম সম্পর্কে হাই কোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার এবং রেজিস্ট্রার (বিচার)-কে রিপোর্ট প্রদান করার নির্দেশ দেন প্রধান বিচারপতি।   

বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে ৩৮টি শাখা এবং আপিল বিভাগে ১৯টি শাখা রয়েছে। 

একজন রেজিস্ট্রার জেনারেল, তিনজন রেজিস্ট্রার, চারজন অতিরিক্ত রেজিস্ট্রার, একজন স্পেশাল অফিসার, ১২ জন ডেপুটি রেজিস্ট্রার, ২০ জন সহকারী রেজিস্ট্রারসহ বিভিন্ন কোর্ট ও শাখায় মোট ২৫০০ কর্মকর্তা-কর্মচারী সুপ্রিম কোর্টে কর্মরত রয়েছেন।