সড়কে চাঁদাবাজির ক্ষেত্র ‘অনেক বেশি প্রসারিত’: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ চাঁদাবাজির জন্য ‘গাড়ি থামায় না’ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ বিভিন্ন সময় আমাদের পুলিশ গাড়ির ফিটনেস দেখার জন্য গাড়ি থামায়।
দেশের সড়ক মহাসড়কে চাঁদাবাজির ক্ষেত্রটা অনেক বেশি ‘প্রসারিত’ মন্তব্য করে এ অপরাধ দমনে পরিবহন মালিক-শ্রমিকসহ সব অংশীজনের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন।
সভার তার আগে বক্তব্য দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। তিনি সড়কে চাঁদাবাজি, অটোরিকশাসহ তিনচাকার বাহনের অবাধ চলাচল এবং বিআরটিএতে লাইসেন্স ইস্যুতে দীর্ঘসূত্রতার বিষয়গুলো তুলে ধরে সমালোচনা করেন।
পরে কামাল বলেন, “চাঁদাবাজির কিন্তু অনেক কারণ আছে ওসমান ভাই, আমি আপনাকেই বলছি। চাঁদাবাজির ক্ষেত্রটা এত বেশি প্রসারিত। হাত বাড়ালেই যখন পকেটে টাকা চলে যাচ্ছে, তখন চাঁদাবাজি অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে এটা আপনারাও জানেন, আমরাও জানি।
“আমরা আপনাদের কাছে বারবার লিস্ট চাচ্ছি যে কোত্থেকে আপনারা আপনাদের সার্ভিস চার্জ নেন, সেই জায়গার বাইরে আমরা কোনো চাঁদাবাজি হতে দেব না। এছাড়াও অনেক জায়গায় অনেক কিছু ঘটে থাকে, এগুলো আমরা সবই জানি, এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই।”
অনুষ্ঠানের পর চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা চাঁদাবাজি এলাউ করি না। আমাদের কাছে পরিবহন নেতারা লিস্ট দিয়ে দেয় যে কোন স্টেশনে কত টাকা সার্ভিস চার্জ দেবে। তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বলেন। আমরা সেই লিস্ট প্রাধান্য দিয়ে থাকি।
“আমরা তাদের বারবার বলছি এই সার্ভিস চার্জটা তারা নির্দিষ্ট স্থান থেকে নিক। কিন্তু তারা সেটা করে না। এটাতে আমরা বিড়ম্বনার শিকার হয়ে যাই। অনেকে মনে করেন এটা একটা চাঁদাবাজি হচ্ছে।”
পুলিশ চাঁদাবাজির জন্য ‘গাড়ি থামায় না’ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, “বিভিন্ন সময় আমাদের পুলিশ গাড়ির ফিটনেস দেখার জন্য গাড়ি থামায়। যদি পুলিশ মনে করে গাড়ির যান্ত্রিক গোলযোগ আছে বা অবৈধ কিছু নিয়ে যাচ্ছে তখন থামান হয়। এটা কোনো চাঁদাবাজি নয়, এটা নিয়মিত কাজের অংশ। এটা যদি চাঁদাবাজি হিসেবে মনে হয়, তাহলে তো প্রশ্নটা অন্যরকম মনে হয়।”
এসময় চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী।
“চাঁদাবাজি যাতে কম হয় সেজন্য আমাদের রাজনীতিবিদরাও নানাভাবে হেল্প করছে।”
