এডিসি হারুনকাণ্ড: ফের বাড়ল তদন্তের মেয়াদ
ছাত্রলীগের দাবির প্রেক্ষাপটে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে পাঠানো হয় রংপুরে।
ঢাকার শাহবাগ থানায় ধরে নিয়ে ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরেক দফা বানানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের এ তদন্ত কমিটি আরও তিন দিন সময় পেয়েছে।
তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এসময় বাড়ানো হয়েছে বলে এক বার্তায় জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। গত ৯ সেপ্টেম্বরের ওই ঘটনার পরদিন তদন্ত কমিটি গঠন করে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তবে তদন্তের কাজ শেষ না হওয়ায় পুলিশ কমিশনারের কাছে আবেদন করে তারা আরও পাঁচ কার্যদিবস সময় পেয়েছিলেন। এরপর ১৯ সেপ্টেম্বর ও রোববার দুই দফায় তিন দিন করে সময় বাড়ানো হল।
গত ৯ সেপ্টেম্বর বারডেম লাগোয়া ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে এক ঘটনার জের ধরে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদ ছাত্রলীগের তিন নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। এরপর ছাত্রলীগের দাবির প্রেক্ষাপটে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে পাঠানো হয় রংপুরে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
