২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসি ক্যামেরায় চট্টগ্রাম-১০ উপনির্বাচন দেখছে ইসি

ইসির সরকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, কোথাও কোনো ‘অপ্রীতিকর ঘটনার’ খবর তারা পাননি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 08:51 AM

Updated : 30 Jul 2023, 09:52 AM

চট্টগ্রাম-১০ উপ-নির্বাচনের ভোটগ্রহণ ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় দেখছে নির্বাচন কমিশন।

রোববার সকাল ৮টায় পৌনে পাঁচ লাখ ভোটারের এ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এ আসনের ১৫৬টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা।

প্রতিটি ভোট কক্ষে একটি এবং কেন্দ্র প্রতি দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে ভোট পর্যবেক্ষণের জন্য। সব মিলিয়ে ১৫৬৩টি সিসি ক্যামেরা রাখা হয়েছে নির্বাচনী এলাকায়।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, ভোট শুরুর পর প্রথম আধা ঘণ্টায় কোথাও কোনো ‘অপ্রীতিকর ঘটনার’ খবর তারা পাননি।

এর আগে ঢাকা-১৭ উপ-নির্বাচন, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন এবং গাইবান্ধা-৫ উপ নির্বাচন সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করেছে ইসি।

নির্বাচন ভবনে ইসির আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল কাজ করছে।

জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, বিজিবি, র‌্যাব ও আর্মড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন ওই সেলে। তারাও ঢাকার নির্বাচন ভবন থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে অবহিত করছেন।

নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, “প্রতিটি কেন্দ্রে বসানো সিসি ক্যামেরায় নির্বাচন কমিশন থেকে নিবিড় মনিটরিং করা হবে। রিটার্নিং অফিসার কার্যালয় থেকেও মনিটরিং করা হবে।”

পুরনো খবর:

চট্টগ্রাম-১০ উপ নির্বাচনে ভোট চলছে