১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম-১০ উপ নির্বাচনে ভোট চলছে

জাতীয় নির্বাচনের মাস পাঁচেক আগে এ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকরা মনে করছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 08:05 AM

Updated : 30 Jul 2023, 08:24 AM

আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে ভোট দিচ্ছেন পৌনে পাঁচ লাখ ভোটার।

নির্বাচনী কর্মকর্তারা জানাচ্ছেন, রোববার সকাল ৮টায় এ আসনের ১৫৬টি কেন্দ্রের ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

বছরখানেক ধরে সব ধরনের নির্বাচন বর্জন করে আসা বিএনপি এ উপ নির্বাচনেও কোনো প্রার্থী দেয়নি। জাতীয় নির্বাচনের মাস পাঁচেক আগে এ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকরা মনে করছেন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান শনিবার সাংবাদিকদের বলেন, “সাধারণত উপনির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম থাকে। তারপরও আমাদের দিক থেকে ভোটার উপস্থিতি নিয়ে সবধরনের সহায়ক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ উপ নির্বাচনে প্রার্থী মোট ছয়জন। নগর আওয়ামী লীগ সদস্য ও নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু হয়েছেন নৌকার প্রার্থী।

তার সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন জাতীয় পার্টির (লাঙ্গল) মো. শামসুল আলম, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র মনজুরুল ইসলাম ভুঁইয়া (রকেট) ও আরমান আলী (বেলুন)।

এক নজরে
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ নির্বাচনী আসন।

  • মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন।

  • তাদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন পুরুষ, ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন নারী এবং ২৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

  • ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৬টি। ভোটগ্রহণকক্ষ ১ হাজার ২৫১টি।

নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, “প্রতিটি কেন্দ্রে বসানো সিসি ক্যামেরায় নির্বাচন কমিশন থেকে নিবিড় মনিটরিং করা হবে। রিটার্নিং অফিসার কার্যালয় থেকেও মনিটরিং করা হবে।”

পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। ভোটের মাঠে আছেন আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া নির্বাচন কমিশনের ২৪ জন পর্যবেক্ষক রয়েছেন।

এই উপ নির্বাচনে ১৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১৩১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৬২৮ জন পোলিং অফিসার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

পুরনো খবর

পুরানো খবর:

চট্টগ্রাম-১০: কেন্দ্রে ভোটার আনাই মূল ভাবনা
চট্টগ্রাম-১০: কেন্দ্রে ৫০ শতাংশ ভোটার আনার লক্ষ্য আওয়ামী লীগের