১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

বায়রা নির্বাচন এগিয়েছে

নির্বাচন বোর্ডের এক জরুরি নোটিসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 12:47 PM

Updated : 18 Oct 2026, 12:47 PM

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) বিদ্বার্ষিক নির্বাচনের তারিখ একদিন এগিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২০২৯ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ১ জানুয়ারি।

বায়রা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, সদস্য মোহাম্মদ হাসিব সরকার ও হুমায়ুন কবীরের সই করা জরুরি নোটিসে সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, পূর্ব নির্ধারিত ২ জানুয়ারির বদলে ১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ করা হবে ঢাকার শের-ই-বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে।

সংগঠনটির নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর অভ্যন্তরীণ ও সাংগঠনিক জটিলতায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে গত এপ্রিল মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বায়রার প্রশাসকের দায়িত্ব দেয় সরকার।

প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বায়রার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার পাশাপাশি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। বায়রা নির্বাচন বোর্ড গঠিত হওয়ার পর তারা নতুন নির্বাচনী রোডম্যাপ ও সময়সূচি ঘোষণা করে।

প্রার্থী বাছাই ও চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ণসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া সেরে ভোটের জন্য নতুন বছরের প্রথম দিনকে বেছে নেওয়া হলো।