৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু
আগামী ৪ অগাস্টের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে, বলেন সংস্কৃতি উপদেষ্টা
নারায়ণগঞ্জের মধ্যদিয়ে দেশের ৬৪টা জেলায় `জুলাই স্মৃতিস্তম্ভ' নির্মাণের কাজ শুরু হওয়ার তথ্য দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, আগামী ৪ অগাস্টের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
জুলাই গণঅভ্যুত্থানের ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ''আজ আমাদের মূল একটি অনুষ্ঠান হচ্ছে নারায়ণগঞ্জে। আপনারা জানেন যে ১ তারিখে, যখন আমরা অনুষ্ঠান ঘোষণা করেছি, সেখানে বলা হয়েছিল যে দেশের ৬৪টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।
“এগুলো স্থাপনের কাজ আজ থেকে শুরু হল নারায়ণগঞ্জের মাধ্যমে। সেখানে আমাদের পাঁচজন উপদেষ্টা যাচ্ছেন— আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, সিআর আবরার ও আসিফ মাহমুদ।”
ফারুকী বলেন, “এই পাঁচ উপদেষ্টার সেখানে যাওয়াটা একটা বার্তা দেয়— এটা আসলে আমাদের খুব সিরিয়াস কাজ। আমরা বিশ্বাস করি, নারায়ণগঞ্জে যেটা শুরু হল, ৪ আগস্টের মধ্যে সারা দেশেই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে।
“এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট-বেইজড। জুলাই আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা—এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভ তৈরি হচ্ছে।''
রংপুর ও চট্টগ্রামের অনুষ্ঠানের তথ্যও তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা।
তিনি বলেন, ''আপনারা জানেন যে, ১৬ তারিখে আমাদের জুলাই শহীদ দিবস। সেদিন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রংপুরে যাচ্ছেন; বিশ্ববিদ্যালয়ে। ওখানে আবু সাঈদ স্মরণ অনুষ্ঠান আছে, তারা সেখানে অংশ নেবেন।
“আর চিটাগং স্টেডিয়াম, যেটা কাজীর দেউরি শহরের ভিতরে, সেখানে আরেকটি ডকুমেন্টারি প্রদর্শনী আছে, কনসার্ট আছে চিটাগং ও ঢাকার শিল্পীদের নিয়ে। ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে। ফলে চিটাগংয়ে যারা আছেন, তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন।''
সংবাদ সম্মেলনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
