ধর্ষণ মামলায় বিচারিক আদালতে খালাস, হাই কোর্টে যাবজ্জীবন
২০০৬ সালের ২১ জুলাই কাছেম আলীর বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী; এর আগে তার একটি সন্তান হয়।
প্রায় দেড় যুগ আগে হবিগঞ্জের এক ধর্ষণ মামলার আসামিকে বিচারিক আদালতে দেওয়া খালাসের রায় বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।
বিচারিক আদালতের রায় বাতিল চেয়ে ধর্ষণের শিকার নারীর করা আবেদনের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এ রায় দেয়।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল শরীফুজ্জামান মজুমদার। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আক্তারুজ্জামান।
মামলার নথি থেকে জানা যায়, বিয়ের কথা বলে ওই নারীকে হবিগঞ্জের চুনারুঘাটের টিলাগাঁও এলাকার ছিদ্দিক আলীর ছেলে কাছুম আলী ধর্ষণ করেন। ২০০৫ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় ওই নারীর গর্ভে সন্তান থাকার বিষয় জানা যায়। তখন কাছুম আলী তাকে বিয়ে করতে অস্বীকার করেন।
এরপর ২০০৬ সালের ২১ জুলাই কাছেম আলীর বিরুদ্ধে মামলা করেন তিনি। এর মধ্যেই তার সন্তান হয়।
ওই মামলায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ আসামিকে খালাস দেন।
পরে তার রায় বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন ওই নারী। ওই আবেদনের পর বিচারিক আদালতের রায় কেন বাতিল করা হবে না এবং আসামিকে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানাতে হাই কোর্ট রুল জারি করে। মঙ্গলবার ওই রুল যথাযথ করে রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিপক্ষ স্থানীয়ভাবে আপসের কথা বলে। এরপর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ার কথা বলে হবিগঞ্জে নারী ও শিশু দমন ট্রাইবুনাল- ২ আসামিকে খালাস দেন।
“সেই রায়ের বিরুদ্ধে ভিকটিম হাই কোর্টে ফৌজদারি কার্যবিধি ৫৬১-এ ধারায় আবেদন করেন। হাই কোর্ট ২০২১ সালের ৩০মে রুল জারি করেন এবং নিম্ন আদালতের নথি তলব করেন।”
আমিন উদ্দিন মানিক বলেন, “রুল শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল এবং আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাই কোর্ট বেঞ্চ। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন। আর ভিকটিমের সন্তানের লালনপালন করার বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৩ ধারা মোতাবেক নির্দেশনা দিয়েছেন।”
এই আইনের ধারা ১৩ এর উপধারা (১) এ বলা হয়েছে, অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, ধর্ষণের কারণে কোনো সন্তান জন্মলাভ করিলে – (ক) উক্ত সন্তানকে তাহার মাতা কিংবা তাহার মাতৃকুলীয় আত্মীয়স্বজনের তত্ত্বাবধানে রাখা যাইবে; (খ) উক্ত সন্তান তাহার পিতা বা মাতা, কিংবা উভয়ের পরিচয়ে পরিচিত হইবার অধিকারী হইবে; (গ) উক্ত সন্তানের ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করিবে; (ঘ) উক্ত সন্তানের ভরণপোষণের ব্যয় তাহার বয়স একুশ বৎসর পূর্তি না হওয়া পর্যন্ত প্রদেয় হইবে। তবে একুশ বৎসরের অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে তাহার বিবাহ না হওয়া পর্যন্ত এবং পঙ্গু সন্তানের ক্ষেত্রে তিনি স্বীয় ভরণপোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত প্রদেয় হইবে।
উপধারা (২): সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপধারা (১) এ উল্লিখিত সন্তানের ভরণপোষণ বাবদ প্রদেয় অর্থের পরিমাণ নির্ধারণ করিবে।
উপধারা (৩): এই ধারার অধীন কোনো সন্তানকে ভরণপোষণের জন্য প্রদেয় অর্থ সরকার ধর্ষকের নিকট হইতে আদায় করিতে পারিবে এবং ধর্ষকের বিদ্যমান সম্পদ হইতে উক্ত অর্থ আদায় করা সম্ভব না হইলে, ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক বা অধিকারী হইবেন সেই সম্পদ হইতে উহা আদায়যোগ্য হইবে।
