২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্যাসিস্ট বয়ান’: ছাত্র আন্দোলন থেকে সরে গেলেন ৫ সমন্বয়ক

সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা ‘জবাবদিহি’ করছেন না এবং নানা ধরনের ‘সাফাই’ দিচ্ছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

‘ফ্যাসিস্ট বয়ান’: ছাত্র আন্দোলন থেকে সরে গেলেন ৫ সমন্বয়ক
শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন নেতৃত্বে থাকা পাঁচ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 12:51 AM

Updated : 26 Aug 2026, 10:16 AM

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নেমে আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ সমন্বয়ক পদত্যাগ করেছেন। 

‘জবাবদিহিতাহীনতা ও ট্যাগা-ট্যাগির ফ্যাসিস্ট বয়ান’ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে মন্তব্য করে এই সিদ্ধান্তের কথা বলেছেন তারা। 

শুক্রবার বেলা সাড়ে ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- চাকসুতে এক সংবাদ সম্মেলনে নিজেদের এই সিদ্ধান্ত তুলে ধরেন সমন্বয়ক সুমাইয়া সিকদার ও চার সহ-সমন্বয়ক আল মাসনূন, ধ্রুব বড়ুয়া, সাইদ্যুজামান রেদুয়ান এবং ঈশা দে। 

সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা ‘জবাবদিহি’ করছেন না এবং নানা ধরনের ‘সাফাই’ দিচ্ছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। 

প্রথম থেকেই ‘সমন্বয়হীনতা ও অপরাজনীতির’ আভাস পাওয়ার যাচ্ছিল মন্তব্য করে আল মাসনুন বলেন, “আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” 

লিখিত বক্তব্যে বলা হয়, "আন্দোলন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সংখ্যা ছিল ২২ জন। পরবর্তীতে অগাস্ট মাসের ৫ তারিখ সমন্বয়ক সংখ্যা হয় ৩০ জন। ৫ তারিখে নতুন যে কয়জন কমিটিতে যুক্ত হয়েছে, তাদের বিষয় নিয়েও মূল সমন্বয়করা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। 

"এমন সব ঘটনা, জবাবদিহিতাহীনতা ও ট্যাগা-ট্যাগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে স্বাভাবিক প্রশ্নের জন্ম দেয়। আমরা মনে করি, সমন্বয়করা আমাদের সাথে সৎ নন। ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন, প্রভোস্টদের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের ওঠানোর ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন।" 

লিখিত বক্তব্যে বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ইতোমধ্যে একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জনমানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু এই সফলতা স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও, এখন নানা ধরনের সমন্বয়হীনতা দৃশ্যমান হয়েছে।” 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও প্রভোস্টদের পদত্যাগের যৌক্তিকতা ও অযৌক্তিকতা বিষয়ে যে নানা ধরনের বিতর্ক উঠে আসছিল, সে কথা তুলে ধরে মাসনুন বলেন, “আমরাও তাদের পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু সেটা ধাপে ধাপে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সব লেজুড়বৃত্তিক ও দখলদারি দলীয় রাজনীতি নিষিদ্ধ করার ব্যবস্থা করেই যেন ভিসি পদত্যাগ করেন। 

“কিন্তু কোনো মতামতকে যাচাই-বাছাই না করেই সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন। শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয়ক কমিটিতেও।” 

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেসব কর্মসূচি পালন হবে, তার সঙ্গে এই পাঁচ সমন্বয়কের কোনো সম্পর্ক থাকবে না। তবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তারা ‘সবসময়’ ছিলেন এবং আগামীতেও ‘থাকবেন’।