১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তোফাজ্জল হত্যা: ঢাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল প্রাধ্যক্ষ বদল

এ ঘটনায় ফজলুল হক হলের প্রাধ্যক্ষও বদল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 03:10 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ওই ৮ জনের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন।

এ ঘটনায় ফজলুল হক হলের প্রাধ্যক্ষও বদল করা হয়েছে।  

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৮ জন ছাত্রের আবাসিক সিট হল প্রশাসন বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দিয়েছে।”

সাময়িক বহিষ্কৃতরা হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের সাবেক (সদ্য পদত্যাগকারী) উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল মিয়া, হল ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক উপ-সম্পাদক আহসান উল্লাহ, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আল হোসাইন সাজ্জাদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকীন সাকিন শাহ, সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াজিবুল আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজ কবির এবং পদার্থবিজ্ঞান বিভাগের আবদুস সামাদ। 

তোফাজ্জল হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

এদের মধ্যে ফিরোজ কবির এবং আবদুস সামাদ ছাড়া বাকিদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। 

এদিকে তোফাজ্জল হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে সরিয়ে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তোফাজ্জলকে পিটিয়ে হত্যাঢাবির ছয় ছাত্রের 'স্বীকারোক্তি'

'ও পাগল', ফোনে মামাত বোনের আকুতি শুনেও তোফাজ্জলকে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে বুধবার রাতে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন।

রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তোফাজ্জলকে মারধরের আগে তাকে ভাত খাওয়ানো হয়, তখন তার কাছে জানতে চাওয়া হয়, ভাত খেতে তার কেমন লাগছে।

খবর রয়েছে, ভাত খাওয়ানোর পর তাকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। এ ধরনের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি উঠেছে।

তোফাজ্জলকে ধরে মারধর করা হচ্ছে, জানতে পেরে তার মামাতো বোন আসমা আক্তার তানিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের নম্বর ফোন দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। সে যে মানসিক ভারসাম্যহীন, তা তাদের বলেছিলেন তানিয়া। তবে তারা শোনেননি।

তানিয়ার অভিযোগ, এরপর তাকে আরও বেশি করে মারধর করা হয়।

তোফাজ্জলের স্বজনেরা বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসেছিলে মরদেহ নিতে। তারা বলছেন, হলের ছাত্ররা তোফাজ্জলের কাছ থেকে নম্বর নিয়ে তাদের ফোন করে তার মুক্তির জন্য টাকা চেয়েছিল। আর তার কেন এত নম্বর মুখস্থ, সেজন্য আরও মারধর করে।

মধ্যরাতে যখন তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে ছিল মারধরের অসংখ্য আঘাতের চিহ্ন।

আরও পড়ুন:

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: 'জবানবন্দি দিচ্ছেনঢাবির ছয় শিক্ষার্থী

তোফাজ্জলের জানাজায় উঠল বিচারের দাবি

তোফাজ্জলকে পিটিয়ে হত্যাঢাবির ৮ ছাত্রের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত