ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে ‘নির্যাতন’, ২ ভাশুর গ্রেপ্তার
ঘটনাটি এক প্রতিবেশী মোবাইলে ধারণ করেন; যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠছে। এ ঘটনায় প্রবাসীর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজলার সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনার পর রাতে নির্যাতনের শিকার গৃহবধূ থানায় অভিযোগ করলে তার দুই ভাশুরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার মন্তাজ মিয়ার ছেলে মঙ্গল মিয়া (৪৫) এবং জয়নাল আবদীন (৪২)।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৭ বছর আগে হায়দার আলীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। হায়দার আলী ১০ বছর ধরে সৌদি প্রবাসী। সবশেষ নয় মাস আগে হায়দার আলী ছুটিতে দেশে এসেছিলেন। কিছুদিন থেকে আবার সৌদি আরব চলে যান।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, “শ্বশুরবাড়ির লোকজন আমার স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছিল। সেই টাকা তারা ফেরত দেয়নি। পরে আমার স্বামী নিষেধ করায় আর তাদের কাছে টাকা চাই না। এ ছাড়া পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমার ঝগড়া হত।
“এই বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকালে দুই ভাশুরসহ শ্বশুরবাড়ির লোকজন আমাকে মারধর করেন। এক পর্যায়ে বাড়ির সামনে নারকেল গাছের সঙ্গে বেঁধে আমাকে মারধর করেন তারা। এ সময় আমার ছেলে-মেয়ে বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়।”
তিনি বলেন, “পরে স্থানীয় এক ইউপি সদস্য এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আমি দুই ভাশুর, তাদের স্ত্রীসহ অন্যদের বিরুদ্ধে রাতেই সদর থানায় অভিযোগ করি। আমি এ ঘটনার বিচার চাই।”
মারধরের সময় এক প্রতিবেশী কৌশলে ঘটনাটি মোবাইলে ধারণ করেন; যা পরে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়ায়।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রিপন মিয়া বলেন, “ওই গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। ঘটনাটি অত্যন্ত জঘন্য।”
তবে ওই গৃহবধূর শ্বশুর মন্তাজ মিয়ার দাবি, তার ছেলের বউ বেপরোয়াভাবে চলাফেরা করতেন। বিভিন্ন সময় ঘরে তালা দিয়ে বাইরে চলে যেতেন। এতে নিষেধ করলে ছেলের বউ তাকে মারধর করেন। এরই জেরে ঘটনার সূত্রপাত হয়েছে।
ওসি মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর দুই ভাশুরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
