প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত বৈঠক
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাদের প্রথম একান্ত বৈঠক।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবনে এই সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে প্রথম একান্ত বৈঠক। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার ভার নেওয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নে সংস্কারের রোডম্যাপের রূপরেখা তুলে ধরেন তিনি। রোডম্যাপ বাস্তবায়নের হালনাগাদ তথ্যও জানান।
তাদের সাক্ষাতের বিষয়ে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার পদক্ষেপের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রধান বিচারপতি। রাষ্ট্র সংস্কারে গৃহীত বিভিন্ন পদক্ষেপের তিনি প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশে সুশাসনের মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর দুদিন পর দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতি হিসেবে হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।
